বগুড়ায় চার লেন প্রকল্পে ইট সরবরাহ নিয়ে বিরোধ, এক ঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজির প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জে আজ রোববার বিক্ষোভ করেন পরিবহনশ্রমিকেরা
ছবি: প্রথম আলো

ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ইট সরবরাহকারীদের কাছে চাঁদাবাজির প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জে আজ রোববার বিক্ষোভ করেন পরিবহনশ্রমিকেরা। উপজেলার চন্ডিহারা এলাকায় মহাসড়ক অবরোধ করে সকাল পৌনে ১০টা থেকে ১ ঘণ্টা এ কর্মসূচি পালিত হয়।

এতে রংপুর বিভাগের আট জেলা এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা চাঁদাবাজদের বিচার দাবি করেন। পরে শিবগঞ্জ থানা ও হাইওয়ে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সদস্যরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা বেলা পৌনে ১১টায় অবরোধ তুলে নেন। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ‘এশিয়ান হাইওয়ে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক সংযোগ প্রকল্প-২’ প্রকল্পের অধীনে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বগুড়া হয়ে রংপুরের মর্ডানমোড় পর্যন্ত ১৯০ দশমিক ৪ কিলোমিটার অংশ ৪ লেনে উন্নীতকরণ কাজ চলছে।
প্রকল্পের বগুড়ার বনানী থেকে মোকামতলা পর্যন্ত ২৫ কিলোমিটার অংশের কাজ পেয়েছে কেএমসি-মনিকো জয়েন্ট ভেঞ্চার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকার ২২-২৩ জনের কাছ থেকে ইট নিচ্ছে।

ইট সরবরাহকারীদের অভিযোগ, প্রকল্পের ইট সরবরাহে চন্ডিহারা-করতকোলা এলাকার আয়নুর ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি তাঁদের কাছ থেকে ট্রাকপ্রতি ১ হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হলে আয়নুর ইট সরবরাহে নিয়োজিত ট্রাকের চালকদের মারধর করেন। প্রতিবাদে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।

এই অভিযোগ অস্বীকার করে আয়নুর ইসলাম মুঠোফোনে বলেন, তিনি ইটভাটার মালিক। চার লেন কাজের ঠিকাদার মনিকো জয়েন্ট ভেঞ্চারের সঙ্গে ইট সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই কাজে স্থানীয় ইটভাটার মালিকেরা বেশি ইট দিতে চান। কিন্তু স্থানীয় কয়েকজন ব্যক্তিও অন্য এলাকার ভাটা থেকে ইট এনে সরবরাহ করছেন। স্থানীয় ভাটা থেকে বেশি ইট আসার কারণে অন্যরা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করেছেন। এখানে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন।

ঠিকাদারি প্রতিষ্ঠান কেএমসি-মনিকো জয়েন্ট ভেঞ্চারের প্রজেক্ট ব্যবস্থাপক দেওয়ান ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, মহাসড়কের ২৫ কিলোমিটার অংশ ৪ লেনের কাজে অনেক ইট দরকার। এ জন্য চন্ডিহারা এলাকার ২২-২৩ জনকে সরবরাহ আদেশ দেওয়া হয়েছে। তাঁরা নিজেরা ইট দেওয়া নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন। এর সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাঁদাবাজি নয়, ইট সরবরাহ নিয়ে নিজেদের মধ্যে বিবাদে একপক্ষ মহাসড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে।