বগুড়ায় চিকিৎসককে মারধর ও চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ায় চিকিৎসককে মারধর, মুঠোফোন ছিনতাই ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার বগুড়া সদর থানায় এ মামলা করেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন কাজল। পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপশহর ফাঁড়ির উপপরিদর্শক ফজলে এলাহী প্রথম আলোকে বলেন, বুধবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিকের আদালতে তিন আসামিকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার পাঁচ আসামি হলেন ঢাকায় কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক ও বগুড়া শহরের জহুরুলনগর এলাকার বাসিন্দা মনির হোসেন, শহরের জুবিলি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, শহরের ঠনঠনিয়া এলাকার আলিফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকের মালিক আবু বক্কর সিদ্দিক ওরফে বিপ্লব, বগুড়ার নিউমার্কেটের ব্যবসায়ী ও বারপুর এলাকার বাসিন্দা নাজমুস সাকিব এবং শিবগঞ্জ উপজেলার ছোট বেলঘড়িয়া গ্রামের রাখাল চন্দ্র দাস। এর মধ্যে হারুন অর রশিদ, আবু বক্কর ও নাজমুস সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা শফিক আমিনের গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার আটমুল বাজারে যান। এ সময় তাঁরা শফিক আমিনের পৈতৃক মালিকানার জায়গার ওপর নির্মিত দোকানঘরের মালিকদের জানান, এ জায়গা তাঁরা কিনেছেন। দোকানঘরের ভাড়া এখন থেকে তাঁদের দিতে হবে। বাজারের লোকজন পরিচয় জানতে চাইলে একজন নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দেন।

আটমুল গ্রামের ব্যবসায়ী এনামুল হক বলেন, ২৯ শতক জায়গার মালিক আটমুল গ্রামের অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক আবু সাঈদ। তিনি শফিক আমিনের বাবা। মঙ্গলবার অচেনা লোকজনকে আটমুল বাজারে দেখে সেখানে অনেকেই জড়ো হন। অচেনা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে একজন নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দেন। তাঁর মোটরসাইকেলে ‘পুলিশ’ লেখা ছিল।

শফিক আমিন অভিযোগ করেন, দোকানদারদের মাধ্যমে বিষয়টি জানার পর মুঠোফোনে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা হয়। এ সময় একজন নিজেকে পুলিশ পরিদর্শক পরিচয় দিয়ে ওই জায়গা কিনেছেন বলে দাবি করেন। সন্ধ্যায় তাঁরা তিনটি মোটরসাইকেলে উপশহরের বাসায় আসেন। একজনের মোটরসাইকেলে ‘পুলিশ’ লেখা ছিল। তাঁদের ব্যক্তিগত চেম্বারে বসতে বললে দুজন চেম্বারে বসেন। কথা বলার একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা জায়গার দাবি ছেড়ে দেবেন শর্তে পাঁচ লাখ টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় গালিগালাজ করেন। গালমন্দ করতে বারণ করলে অভিযুক্ত ব্যক্তিরা এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকেন। এ সময় তাঁদের ছবি তুলতে গেলে তাঁরা মুঠোফোন কেড়ে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে যান। মুঠোফোন ফেরত চাইলে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এ সময় চিৎকার–চেঁচামেচি শুনে অন্যরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নেয়। অন্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে মনির হোসেন নিজেকে এপিবিএন পুলিশের পরিদর্শক দাবি করেন। তিনি ঢাকায় কর্মরত রয়েছেন বলেও জানান। মনির হোসেন দাবি করেন, বগুড়ায় বসবাসের সুবাদে অন্যদের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শিবগঞ্জ উপজেলার আটমুল বাজারের ২৯ শতাংশ জমি কেনার জন্য মৌখিকভাবে একজনের সঙ্গে কথাবার্তা চলছিল আবু বক্কর সিদ্দিকের। জায়গা দেখার জন্য তাঁর অনুরোধেই হারুন, সাকিবসহ সেখানে গিয়েছিলেন। জায়গার মালিকানা নিয়ে কোনো জটিলতা আছে কি না, তা জানতে ওই চিকিৎসকের সঙ্গে দেখা করার জন্য তাঁর বাসায় যান। জায়গার মালিকানা নিয়ে কথা বলার জন্য দুজন তাঁর চেম্বারে যান। কথাবার্তার একপর্যায়ে ওই চিকিৎসক তাঁর মুঠোফোনে ভিডিও করতে শুরু করেন। বাঁধা দিলে বাগ্‌বিতণ্ডা হয়। ঘটনা এটুকুই। কোনো মারামারি হয়নি। চাঁদাবাজির অভিযোগও সঠিক নয়।

পুলিশি হেফাজতে থাকা ব্যবসায়ী নাজমুস সাকিব বলেন, জায়গা দেখার জন্যই মঙ্গলবার আটমুল যাওয়া। মালিকানা নিয়ে জটিলতার বিষয়টি পরিষ্কার হওয়ার জন্যই চিকিৎসকের বাসায় গিয়েছিলেন। চাঁদাবাজির অভিযোগ সাজানো।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে তিনি কোথায় কর্মরত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চাঁদাবাজির অভিযোগ সত্য কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।