বগুড়ায় ছাত্রদলের সম্মেলন ঘিরে উত্তেজনা
বগুড়ার গাবতলীতে জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বি–বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলটির স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা ও বিভক্তি দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ জিয়া উচ্চবিদ্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
দলীয় সূত্রে জানা গেছে, আজকের এই সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। তবে সম্মেলনের আগের দিন গতকাল বুধবার উপজেলা ছাত্রদলের একাংশের নেতা–কর্মীরা বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই সম্মেলন বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনের আগে ওই দুই নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে উপজেলার চকবোচাই বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ–সমাবেশ শেষে দলের ক্ষুব্ধ নেতা–কর্মীরা ওই দুই নেতার কুশপুত্তলিকা পোড়ান।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের বগুড়া জেলা শাখার সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী ওরফে রিগ্যানের বিরুদ্ধে তৃণমূল পুনর্গঠনের নামে কমিটি বাণিজ্য, টাকার বিনিময়ে কমিটিতে পদ দেওয়া, দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে কাউন্সিলর তালিকা তৈরি, উপজেলা সম্মেলনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে আজকের সম্মেলন বর্জনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, আজ উপজেলা ছাত্রদলের সম্মেলনের নামে প্রহসন হতে যাচ্ছে। এই সম্মেলনে কাউন্সিলর তালিকা নিয়ে স্বেচ্ছাচারিতা চরমে উঠেছে। চাপের মুখে দফায় দফায় সংশোধনের পর যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানেও ভুঁইফোড়, বিবাহিত, বিদেশে থাকা ব্যক্তিরাও কাউন্সিলর তালিকায় স্থান পেয়েছেন বলে অভিযোগ করা হয়।
গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন অভিযোগ করেন, জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতা থেকে বগুড়া জেলা ছাত্রদলের ২৮টি ইউনিটকে রক্ষা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ প্রয়োজন। এই দুই নেতা জালিয়াতির মাধ্যমে ছাত্রদলকে ধ্বংস করছেন। তাঁদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
বাদ সম্মেলনে যেসব অভিযোগ করা হয়েছে, সবই মনগড়া ও ভিত্তিহীন। কমিটি গঠনে কোনো অর্থ–বাণিজ্যের অভিযোগ সঠিক নয়।নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদল
এদিকে সংবাদ সম্মেলনের আগে ওই দুই নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে উপজেলার চকবোচাই বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ–সমাবেশ শেষে দলের ক্ষুব্ধ নেতা–কর্মীরা ওই দুই নেতার কুশপুত্তলিকা পোড়ান।
সংবাদ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১০ নেতার মধ্যে ৭ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে সভাপতি পদপ্রত্যাশীরা হলেন উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক আহ্বায়ক মোহতাছিম বিল্লাহ মুন, গাবতলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন, ছাত্রদল নেতা বিপ্লব হাসান ও আল আমিন ইসলাম। এদিকে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে ছিলেন মাহমুদুল হাসান মোহন, রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব মিয়া ও শামিমুর রহমান।
অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ করা হয়েছে, সবই মনগড়া ও ভিত্তিহীন। কমিটি গঠনে কোনো অর্থ–বাণিজ্যের অভিযোগ সঠিক নয়। দলের ত্যাগী নেতাদের নিয়েই উপজেলা ছাত্রদলের কাউন্সিলর তালিকা তৈরি করা হয়েছে।
বগুড়া-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজ প্রথম আলোকে বলেন, গাবতলী ছাত্রদলের একাংশের নেতারা তাঁর কাছে অভিযোগ দিয়েছেন। কিন্ত বিএনপি জেলা ছাত্রদলের নিয়ন্ত্রণ করে না। জেলা ছাত্রদলের কেউ অনিয়ম করলে, সেই ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় ছাত্রদলের।
এদিকে আজ দুপুরের সম্মেলনে সার্বিক নিরাপত্তার ব্যাপারে জানতে চাওয়া হলে গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল জানান, সম্মেলনস্থলে বাড়তি নিরাপত্তার জন্য পুলিশকে কিছু জানানো হয়নি। সম্মেলনটি ঘরোয়াভাবে হবে বলে জানা গেছে। তাই পুলিশের পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা নেই। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে।