বগুড়ায় ছাত্রলীগ নেতা তাকবীর হত্যায় আরেকজন গ্রেপ্তার
বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান হত্যার ১১ মাসের মাথায় পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন একটি ছাত্রাবাস থেকে শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে জব্দ করা হয় একটি থ্রি-নট-থ্রি কাটা রাইফেল ও ধারালো অস্ত্র।
এদিকে মামলার প্রধান আসামি সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবদুর রউফকে রোববার দ্বিতীয় দফায় রিমান্ডে পেয়েছে ডিবি।
এই হত্যা মামলায় আল আমীন নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পরিপ্রেক্ষিতে বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে পুরান বগুড়া এলাকার তাসিন ছাত্রাবাস থেকে অস্ত্রসহ পারভেজকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি আবদুর রউফের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত তিনি। বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা মুন্সিপাড়ায়।
আজ রোববার দুপুর ১২টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাইহান ওলিউল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকবীর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন পারভেজ। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া বগুড়া সদর থানায় অস্ত্র আইনে করা পৃথক আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ব্রিফিংয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরী বলেন, তাকবীর হত্যা মামলায় গ্রেপ্তার আসামি ও সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী আল আমীন ইতিমধ্যেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে হত্যাকাণ্ডে পারভেজের জড়িত থাকার তথ্য উঠে আসে।
অভিযোগপত্র কবে জমা দেওয়া হবে, জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক জুলহাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রায় ৯ মাস মামলাটি তদন্ত করেছে পুলিশ। দুই মাস আগে তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।মামলার প্রধান আসামি রউফকে এক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি মুখ খোলেননি। সে কারণে আবারও রিমান্ড চাওয়া হয়েছে।
মামলার বাদী ও তাকবীরের মা আফরোজা ইসলাম বলেন, ‘মারা যাওয়ার আগে তাকবীর তার ওপর হামলায় জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করে সাক্ষ্য দিয়ে গেছে। শহরের সাতমাথায় প্রকাশ্যে তাকবীরের ওপর এই হামলা হয়েছে। পুলিশের হাতে সিসিটিভির ফুটেজ আছে। এরপরও হত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলে বিলম্ব করা হচ্ছে। মামলার তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের আকুতি জানিয়ে পুলিশ সুপারসহ অনেক জায়গায় ধরনা দিয়েছি। কিন্তু এক বছরেও মামলার তদন্ত এগোচ্ছে না। আদালতে অভিযোগপত্র দাখিলে অযথা বিলম্ব করা হচ্ছে। আসামিরা জামিনে বের হয়ে এসে প্রকাশ্যে ঘুরছেন।’
তাকবীরের বাবা জহরুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি আবদুর রউফের নেতৃত্বে তাঁর ছেলের ওপর হামলা হয়েছে। অথচ প্রধান আসামিকে রক্ষা করতে নানা ষড়যন্ত্র চলছে।
গত বছরের ১১ মার্চ বগুড়া থেকে ধুনট উপজেলায় ছাত্রলীগের সমাবেশে যাওয়ার পথে তাকবীরের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগা নিয়ে রউফের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে ধুনট থেকে ফেরার পর সন্ধ্যায় শহরের সাতমাথায় ছাত্রলীগ নেতা রউফের নেতৃত্বে তাকবীরের ওপর হামলা হয়। পরে তাকবীরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় তাকবীরকে হত্যাচেষ্টার অভিযোগ এনে মা আফরোজা ইসলাম সদর থানায় একটি মামলা করেন। এতে আবদুর রউফকে প্রধান আসামি, জেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসানসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়। তবে মারা যাওয়ার আগে তাকবীর একটি ভিডিও বক্তব্যে তাঁর ওপর হামলার বর্ণনা দেন এবং জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করেন। ভিডিও বক্তব্যে আবদুর রউফের নেতৃত্বেই হামলা হয়েছে বলে উল্লেখ করেন।
মামলায় আবদুর রউফ ছাড়া এজাহারভুক্ত আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান (২৬), ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন (২৭), তারেক (২৭), বিধান চন্দ্র মহন্ত (২৭), নিশাদ (২১) ও আরমান (২২)।
পুলিশ জানায়, তাকবীর মারা যাওয়ার পরপরই পুলিশ কলেজ ছাত্রলীগের কর্মী আল আমীনকে গ্রেপ্তার করে। আল আমীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, রউফের নেতৃত্বে এই হামলা হয়েছে। এর আগেই ছাত্রলীগ থেকে রউফকে বহিষ্কার করা হয়। তাকবীর হত্যাকাণ্ডের পর আত্মগোপনে চলে যান রউফ। পলাতক থাকা অবস্থায় ২৫ মার্চ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন তিনি। গত ১৯ জুলাই বগুড়ার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম হাবিবা মণ্ডলের আদালতে আত্মসমর্পণ করেন রউফ। সেই থেকে তিনি কারাগারে।
৩১ মে আসামি জাহিদ হাসান, বিধান চন্দ্র মহন্ত ও নিশাদ আদালতে আত্মসমর্পণ করেন। তবে রউফ ও আল আমিন ছাড়া জাহিদ, বিধান, নিশাদ ও সন্দেহভাজন এক আসামি জামিনে আছেন। এখনো ধরাছোঁয়ার বাইরে এজাহারভুক্ত আসামি আনোয়ার, তারেক ও আরমান।