বগুড়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলায় ছেলের দায়ের কোপে গুরুতর আহত হন মতিউর রহমান (৬৫) নামের এক ব্যক্তি। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।
রোববার ভোরে উপজেলার খানপুর ইউনিয়নের কয়ারখালী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে মো. মামুন (৩০) মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তাঁর পরিবার।
নিহতের ভাগনে মো. রাহাত বলেন, গুরুতর আহত অবস্থায় তাঁর মামাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।
রাহাত আরও বলেন, ‘মামুন বাসা থেকে একটি পাত্রে চাল নিয়ে বাইরে ফেলে দেন। ভোরে বাবাকে সেটা দেখাতে নিয়ে যান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে শুনি ছেলে বাবাকে কুপিয়ে আহত করেছে।’
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মতিউর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।