বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নূর ইসলাম ওরফে রকি (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে বগুড়া থেকে মোটরসাইকেলে তিনি নন্দীগ্রাম উপজেলায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে পণ্ডিতপুকুর এলাকায় ট্রাক তাঁকে ধাক্কা দেয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নূর ইসলাম নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশীনগর গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আবদুর রউফ।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ মণ্ডল বলেন, দুর্ঘটনায় আহত ওই তরুণকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।