বগুড়ায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘প্রেমের জেরে আত্মহত্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে মোহাম্মদ সবুজ (২১) ও মার্জিয়া জান্নাত (১৮) নামের দুই তরুণ–তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবারের দাবি, সবুজ ও মার্জিয়ার প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা প্রেমের জেরে অভিমান করে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দুই গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সবুজ উপজেলার দামগাড়া কারিগরপাড়ার মৃত আবদুল জলিলের ছেলে। তিনি পেশায় কৃষিশ্রমিক। এদিকে মার্জিয়া মাসিমপুর চালুঞ্জা গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। স্থানীয় নামুজা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মার্জিয়ার।

পুলিশ জানায়, মার্জিয়া ও সবুজের প্রেমের সম্পর্ক ছিল। তবে সবুজের পরিবার দরিদ্র হওয়ায় মার্জিয়ার পরিবার ওই সম্পর্ক মেনে নিচ্ছিল না। একপর্যায়ে বছরখানেক আগে মার্জিয়া ও সবুজ পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে মার্জিয়ার পরিবারের লোকজন এসে তাঁকে নিয়ে যান। এর পর থেকে তিনি বাবার বাড়িতেই ছিলেন।

কয়েক দিন আগে পারিবারিকভাবে এক প্রবাসীর সঙ্গে মার্জিয়ার বিয়ের কথা চলছিল। এ নিয়ে সবুজ ও মার্জিয়ার মধ্যে মনোমালিন্য হয়। পুলিশের দাবি, গতকাল রাতে দুজন মুঠোফোনে কথা বলছিলেন। কথা বলার একপর্যায়ে দুজনের মধ্যে অভিমান হয়। কিছুক্ষণ পর সবুজের পরিবারের লোকজন ঘরের ভেতর থেকে সবুজের ঝুলন্ত লাশ দেখতে পান। এই ঘটনার কিছুক্ষণ পর খবর আসে মার্জিয়াও বিষপানে আত্মহত্যা করেছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, দুই তরুণ–তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা অভিমান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।