বগুড়ায় তুলার গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দুবলাগাড়ি সেতুর কাছে একটি পাকা ভবনের দ্বিতীয় তলার গুদামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাঁদের প্রায় আধঘণ্টা চেষ্টার পর সাড়ে  ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হালিম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি।

স্থানীয় ব্যবসায়ী আবুজার রহমান বলেন, আগুন লাগার পর আতঙ্কে ভবনের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের ব্যবসায়ীরা আগুন থেকে বাঁচতে ছোটাছুটি করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।