বগুড়ায় তুহিন হত্যায় ১৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার একজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি আলাল শেখ (৪২)
ছবি: প্রথম আলো

বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় তুহিন হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মাংস ব্যবসায়ী আলাল শেখের (৪২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক এ আদেশ দেন।

এর আগে রোববার রাতে তুহিনের বাবা শহিদুর রহমান বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ জনসহ মোট ১৬ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরপরই রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আলাল শেখকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি চকসূত্রাপুর এলাকার বাসিন্দা ও ফতেহ আলী কাঁচাবাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক মোহাম্মদ সাইদুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আলাল শেখকে সোমবার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিকের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বগুড়া ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, গ্রেপ্তার আলাল শেখের বিরুদ্ধে ২০১০ ও ২০১৩ সালের ২টি হত্যা মামলাসহ মোট ৮টি মামলা আছে। তুহিন হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার বিষয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি রাতে তুহিনকে মারপিট ও ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা করা হয়। ওই ঘটনায় বগুড়া সদর থানায় নিশিন্দারা এলাকার আরাফাতসহ সাত-আটজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়, যা এখনো আদালতে বিচারাধীন। এ মামলা তুলে নিতে আসামিরা তুহিনকে হুমকি দিয়ে আসছিলেন। ওই মামলা ছাড়াও তুহিন ও আরাফাতের বিরোধের জেরে পরস্পরের বিরুদ্ধে ছয়-সাতটি মামলা চলমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার রাতে নিশিন্দারা খাঁপাড়া ইউক্যালিপটাস বাগানে তুহিন কয়েকজনকে নিয়ে পিকনিকের আয়োজন করেন। পূর্বশত্রুতার জেরে সেখানে আরাফাতের নেতৃত্বে আসামিরা হামলা চালান। এ সময় তাঁরা প্রথমে তুহিনকে কুপিয়ে জখম করেন। পরে তাঁকে উদ্ধার করতে এলে মোহাম্মদ রহিম (৩২) ও ঝন্টু (২৫) নামের আরও দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকেরা তুহিনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নিশিন্দারা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তুহিনের সঙ্গে একই এলাকার আরাফাতের বিরোধ দীর্ঘদিনের। তাঁদের বিরোধের জেরে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি রাতে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় তুহিনকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা করা হয়। ছুরিকাঘাতে আহত হয়ে সেই দফায় বেঁচে গিয়েছিলেন তুহিন। কিন্তু এর ঠিক দুই বছরের মাথায় ১২ ফেব্রুয়ারি রাতে একই এলাকায় আবারও হামলার শিকার হন তিনি। তবে এবার আর বাঁচতে পারেননি তুহিন।