বগুড়ায় দুই নৈশপ্রহরী হত্যার নেপথ্যে কারখানার মালামাল চুরি, গ্রেপ্তার ৩
বগুড়ার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরী এলাকার একটি কারখানা থেকে মালামাল চুরিতে বাধা দেওয়ার জেরেই কারখানার দুই নৈশপ্রহরীকে রড দিয়ে মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজ রোববার নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, জোড়া খুনের ঘটনায় কারখানার গাড়িচালক, তাঁর সহকারী, সাবেক এক শ্রমিকসহ আরও দুজন জড়িত। হত্যাকাণ্ডের পর জড়িত ব্যক্তিরা অপহরণের নাটক সাজিয়ে কারখানার মালিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করলেও সফল হননি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) হত্যার মূল পরিকল্পনাকারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার তিন আসামি হলেন বগুড়া শহরের চকলোকমান এলাকার বাসিন্দা ও মেসার্স মাছু অ্যান্ড সন্স ইন্ডাস্ট্রিজের গাড়িচালক হোসাইন বিন মিল্লাত ওরফে নিনজা (৩৪), চালকের সহকারী ও শহরের নারুলী তালপট্টি এলাকার রাহাত এবং কারখানার সাবেক শ্রমিক ও একই এলাকার বাসিন্দা সুমন ব্যাপারী (২৭)। হত্যাকাণ্ডের শিকার দুই নৈশপ্রহরী হলেন সদর উপজেলার বড় সরলপুর গ্রামের আবদুল হান্নান (৪৮) ও শিবগঞ্জ উপজেলার মহাস্থান প্রতাপপুর গ্রামের শামসুল ইসলাম (৬০)।
প্রেস ব্রিফিংয়ের সময় পুলিশ সুপার আরও বলেন, গত শুক্রবার বিকেলে ওই কারখানা থেকে দুই নৈশপ্রহরী আবদুল হান্নান ও শামসুল ইসলামের লাশ উদ্ধারের পরপরই খুনের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশকে মাঠে নামানো হয়। মুঠোফোনে মুক্তিপণ দাবি, খুদে বার্তা পাঠানোর সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার বগুড়া ও গাজীপুরে অভিযান চালিয়ে কারখানার গাড়িচালক হোসাইন বিন মিল্লাত, তাঁর সহকারী রাহাত ও কারখানার সাবেক শ্রমিক সুমন ব্যাপারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করার পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রড ও মুক্তিপণের জন্য যে মুঠোফোন থেকে খুদে বার্তা পাঠানো হয়েছে, সেটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে, ওই কারখানা থেকে উৎপাদিত মালামাল বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন গাড়িচালক হোসাইন বিন মিল্লাত ও তাঁর সহকারী রাহাত। কারখানা থেকে গাড়ি আনলোডের সময় তাঁরা মালিককে না জানিয়ে অতিরিক্ত মালামাল গোপনে গাড়িতে তুলে বাইরে বিক্রি করে দিতেন। বিষয়টি টের পেয়ে কারখানার দুই নৈশপ্রহরী বাধা দেন।
এতে ক্ষুব্ধ হয়ে এবং কারখানার মালিকের কাছে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে দুই নৈশপ্রহরীকে হত্যার পরিকল্পনা করেন রাহাত ও মিল্লাত। এর মধ্যে ২৩ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে কারখানার সাবেক শ্রমিক সুমন ব্যাপারীর সঙ্গে চালক হোসাইন বিন মিল্লাত ও সহকারী রাহাতের দেখা হয়। এ সময় পূর্বপরিচিত হওয়ায় সুমন গাড়িচালকের কাছে ১০ হাজার টাকা ধার চান। এ সুযোগে হোসাইন বিন মিল্লাত দুই লাখ টাকার লোভ দেখিয়ে সুমনকে একটা কাজের জন্য ভাড়া করেন।
পুলিশ সুপার বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটায় তাঁরা তিনজন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুজন একত্র হয়ে কারখানায় প্রবেশ করেন। এরপর প্রথমে নৈশপ্রহরী হান্নানকে রড দিয়ে মাথার পেছনে আঘাত করে হত্যার পর পানির হাউসে ফেলে দেন। এরপর ঘুমন্ত আরেক নৈশপ্রহরী শামসুলকেও ঘুম থেকে ডেকে তুলে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে হান্নানের মুঠোফোন নিয়ে সুমন ওই দিনই বগুড়া ছেড়ে গাজীপুরে আত্মগোপন করেন। চালক হোসাইন বিন মিল্লাতের কথামতো অপহরণের নাটক সাজিয়ে হান্নানের মুঠোফোন থেকেই তাঁর স্ত্রী হীরা বেগমের ফোনে ফোন করে কারখানার মালিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ এনে দিতে বলেন অপহরণকারীরা।
এর আগে শনিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন নৈশপ্রহরী হান্নানের স্ত্রী হীরা বেগম। মামলার এজাহারে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে ডিবি পুলিশকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, হান্নান প্রায় ১০ বছর ধরে বিসিক শিল্পনগরী এলাকার মেসার্স মাছু অ্যান্ড সন্স ইন্ডাস্ট্রিজে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন। কারখানায় রাত্রিকালীন ডিউটি করতে ২৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বাড়ি থেকে বের হন। ২৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সোয়া সাতটার দিকে হান্নানের মুঠোফোন থেকে অপহরণকারী পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির ফোন আসে। ওই ব্যক্তি মুঠোফোনে বলেন, ‘আমরা হান্নান ও কারখানার আরেক নৈশপ্রহরী শামসুলকে অপহরণ করেছি। আপনার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ আছে কারখানার মালিকের সঙ্গে। কারখানার মালিককে জানান, বিকেল পাঁচটার মধ্যে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে দুজনকে ছাড়িয়ে নিতে।’