বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গৃহহীনদের জন্য দুর্যোগসহনীয় ঘরনির্মাণে অনিয়ম-দুর্নীতি ও নিম্নমানের উপকরণ ব্যবহারের সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের বগুড়ার প্রতিবেদক মাজেদুর রহমান ও ক্যামেরাপারসন রবিউল ইসলাম।

সাংবাদিকদের কাছ থেকে ভিডিও ক্যামেরা, মুঠোফোন ও অন্যান্য সরঞ্জামও ছিনিয়ে নিয়েছেন হামলাকারীরা।

আজ বুধবার বেলা একটার দিকে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা দীঘিরপাড় গুচ্ছগ্রামে দায়সারাভাবে দুর্যোগসহনীয় ঘর নির্মাণকাজের ভিডিও ধারণ করতে গেলে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফর রহমান ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জনির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা কাঠের বাটাম দিয়ে তাঁদের বেধড়ক পিটিয়ে আহত করে সেখানে ফেলে রাখেন। খবর পেয়ে ঘটনার প্রায় পৌনে এক ঘণ্টা পর পুলিশকে সঙ্গে নিয়ে বগুড়া থেকে অন্য সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই সাংবাদিককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল পাঁচটা পর্যন্ত দুই সাংবাদিকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, ‘ঘটনার আধা ঘণ্টা থেকে ৪০ মিনিট পর ঘটনাস্থলে গিয়ে দেখি, আহত দুই সাংবাদিক মাটিতে পড়ে রয়েছেন। তাঁদের কাছে কোনো ক্যামেরা, মুঠোফোন ছিল না। পরে পুলিশের গাড়িতেই আহত দুই সাংবাদিককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

ওসি আরও বলেন, খোঁজ নিয়ে জেনেছি, লুৎফর রহমান ও মোহাম্মদ জনির নেতৃত্বে সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। জড়িত ব্যক্তিদের আটক ও ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে গ্রামীণ ভূমিহীন দরিদ্র জনগোষ্ঠীকে মাথাগোঁজার ঠাঁই করে দিতে সদর উপজেলায় ২৫০টি পরিবারকে দুর্যোগসহনীয় ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রায় দুই শতক জায়গার ওপর রান্নাঘর, টয়লেটসহ সেমিপাকা টিনশেডের প্রতিটি ঘর নির্মাণে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ কাজে দরপত্র আহ্বান করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি এ কাজ করছেন।

হামলার শিকার মাজেদুর বলেন, দায়সারা ও যেনতেনভাবে নিম্নমানের ইট-বালু, সিমেন্টসহ খারাপ উপকরণ দিয়ে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দুর্যোগসহনীয় ঘর নির্মাণ চলছে, এমন অভিযোগ পেয়ে ক্যামেরাপারসন রবিউলকে সঙ্গে নিয়ে আজ দুপুরে দশটিকা এলাকার দীঘিরপাড়া আশ্রয়ণ প্রকল্পে গিয়ে ভিডিও করতে থাকেন। এ সময় ইউপি সদস্য লুৎফর, তাঁর সহযোগী জনিসহ অন্যরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে তাঁরা হামলা চালিয়ে তাঁদের ক্যামেরা, মুঠোফোনসহ সবকিছু কেড়ে নেন। এ সময় তাঁরা তাঁদের কাঠের বাটাম ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। তাঁরা (ওই দুই সাংবাদিক) মাটিতে লুটিয়ে পড়ে একপর্যায়ে দুজনই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বগুড়া থেকে অন্য সহকর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই আহত দুই সাংবাদিককে উদ্ধারের জন্য সেখানে গিয়েছিলেন যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন। তিনি প্রথম আলোকে বলেন, হামলাকারীরা কাঠের লাঠি (বাটাম) দিয়ে দুই সাংবাদিকে মারধর করে মাটিতে ফেলে ক্যামেরাসহ সবকিছু কেড়ে নেন। ঘটনার ৪৫ মিনিট পরে সেখানে গিয়ে পুলিশ দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন।

জানতে চাইলে ইউপি সদস্য লুৎফর বলেন, সাংবাদিকেরা নির্মাণাধীন ঘরের খুঁটি ভেঙে ফেলেছেন। এ কারণেই স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁদের মারধর করেছেন।
সদরের ইউএনও মো. আজিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর উপজেলায় ২৫০টি দুর্যোগসহনীয় ঘর নির্মাণ কার্যক্রম চলছে। এর মধ্যে নিশিন্দারা ইউনিয়নের দশটিকা আশ্রয়ণ প্রকল্পে ৪৫টি ঘরের নির্মাণকাজ চলছে।

ইউএনও বলেন, ইউপি সদস্য প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বুধবার দুপুরের দিকে তিনি (ইউপি সদস্য) মুঠোফোনে জানান, দুজন ব্যক্তি সেখানে গিয়ে নির্মাণাধীন ঘরের অনেকগুলো খুঁটি ভেঙে ফেলেছেন। খবর পেয়ে সেখানে দ্রুত গিয়ে দুজন সাংবাদিককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ইউপি সদস্যও সেখানে উপস্থিত ছিলেন। তবে তিনি হামলার সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন। এখন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ তদন্ত করবে। খুঁটি কারা ভেঙেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিম্নমানের উপকরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ইউএনও বলেন, পাঁচ সদস্যের একটি কমিটি প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি এই কমিটির সভাপতি। সরকারি নিয়ম মেনেই ঘর নির্মাণ চলছে। জেলা প্রশাসন কাজের মান তদারকি করছেন। ঘর নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার বা অনিয়মের অভিযোগ সঠিক নয়।