বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বগুড়ায় গৃহহীনদের জন্য দুর্যোগসহনীয় ঘর নির্মাণে অনিয়ম-দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার পুলিশ লুৎফর রহমানকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেওয়া ভিডিও ক্যামেরা। তবে এ হামলায় জড়িত নিশিন্দারা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জনিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হামলার ঘটনায় বেসরকারি সময় টেলিভিশনের বগুড়ার প্রতিবেদক মাজেদুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার বগুড়া সদর থানায় শ্রমিক লীগ নেতা জনি, ইউপি সদস্য লুৎফর রহমানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। সাংবাদিক মাজেদুর রহমান ও তাঁর ক্যামেরাম্যান রবিউল ইসলাম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

গত বুধবার দুপুরে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা দীঘিরপাড় গুচ্ছগ্রামে দুর্যোগসহনীয় ঘরের নির্মাণকাজের ভিডিও ধারণ করতে গেলে লুৎফর রহমান ও জনির নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাঁদের বেধড়ক পিটিয়ে আহত করে সেখানে ফেলে রাখেন। কেড়ে নেওয়া হয় ভিডিও ক্যামেরা, মুঠোফোন ও অন্য সরঞ্জাম। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকেরা হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার জন্য বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানকে দায়ী করে তাঁকে অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানানো হয়।

সমাবেশে টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠনও একাত্মতা ঘোষণা করে। বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অংশ নেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান, বাংলাভিশনের বগুড়া ব্যুরো প্রধান আবদুর রহিম, এটিএন নিউজের ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ্ লোটাস, বিডিনিউজ টোয়েন্টিফোরের বগুড়া প্রতিনিধি জিয়া শাহীন, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ প্রমুখ।

বগুড়া সদর থানার ওসি হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, হামলার শিকার সাংবাদিক মাজেদুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার একটি মামলা করেছেন। সন্ধ্যায় আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধার করা সম্ভব হলেও মুঠোফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।