বগুড়ায় দুটি ইউপিতে আ.লীগের হার, অপর দুটিতে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন

বগুড়ার চারটি উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। অপর দুটিতে স্বতন্ত্র প্রার্থীর (বিএনপি) কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। ভোট গণনা শেষে বুধবার সন্ধ্যায় সংশ্লিষ্ট উপজেলার রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বগুড়ার গাবতলী উপজেলার নবঘোষিত সুখানপুকুর, সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ও কাহালু উপজেলার দুর্গাপুর ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সুখানপুকর ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলমগীর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত মোর্শেদুল ইসলাম।

সারিয়াকান্দির চালুয়াবাড়ি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম ওরফে বাদশা ভূঁইয়া বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান শওকত আলী।

নন্দীগ্রামের বুড়ইল ইউপিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) জিয়াউর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াত সমর্থিত প্রার্থী আবদুল মালেক।
কাহালুর দুর্গাপুর ইউপিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) শাহ মাসুদ হাসান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত বদরুজ্জামান খান।