বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ খুন
বগুড়ার গাবতলী উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাশেদুল ইসলাম (২৪) নামের এক তরুণ খুন হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার দাঁড়াইল বাজার এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত রাশেদুল গাবতলী উপজেলার তরফসরতাজ পূর্বপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় দাঁড়াইল বাজারে অবস্থান করছিলেন রাশেদুল। ওই সময় তিনজন যুবক অতর্কিত হামলা চালিয়ে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত থানায় মামলা হয়নি।