বগুড়ায় পাল্লা দিয়ে বেড়েছে শর্ষের তেলের দাম, আটা-ময়দায়ও অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় সয়াবিন তেলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শর্ষের তেলের দাম। কোম্পানিভেদে বেড়েছে ২০ থেকে ৭০ টাকা। আজ শহরের রাজা বাজারের একটি দোকানে
ছবি: প্রথম আলো

বগুড়ার বাজারে সয়াবিন তেলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শর্ষের তেলের দাম। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার বোতলজাত শর্ষের তেলের দাম কোম্পানিভেদে ২০ থেকে ৭০ টাকা বেড়েছে। অন্যদিকে গমের দাম বেড়ে যাওয়ায় প্যাকেটজাত আটা ও ময়দার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

ক্রেতাদের অভিযোগ, সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের কারণে বিকল্প হিসেবে অনেকেই শর্ষের তেল কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়েন। এ সুযোগে নামীদামি কোম্পানি থেকে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো শর্ষের তেলের দাম ইচ্ছামতো বাড়িয়ে দিয়েছে। তবে তেল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের দাবি, দুই সপ্তাহের ব্যবধানে বাজারে শর্ষের দাম মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। কাঁচামালের দাম বাড়ায় তেলের দামও বাড়াতে হয়েছে।

শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের আগে বাজার দুটিতে খোলা শর্ষের তেল প্রতি লিটার ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। আর বোতলজাত তেল বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকা। সয়াবিন তেলের বাজার অস্থিতিশীল হওয়ার পর বর্তমানে খোলা শর্ষের তেল ২২০ থেকে ২৩৫ টাকা এবং বোতলজাত শর্ষের তেল ২৫০ থেকে ৩৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সোমবার বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগে রাহুল ব্র্যান্ডের এক লিটারের শর্ষের তেলের বোতল ২৩০ টাকা দরে বিক্রি হয়েছে। ১ মের পর কোম্পানির পক্ষ থেকে লিটারে ২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়। এরপর এখন সেটি ২৫০ টাকা বিক্রি হচ্ছে। ঈদের আগে তীর ব্র্যান্ডের শর্ষের তেল ছিল প্রতি লিটার ২৬০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩৬০ টাকা। লিটারপ্রতি দাম বেড়েছে ১০০ টাকা। ফরচুন ব্র্যান্ডের ২৬০ টাকা দরের এক লিটার শর্ষের তেল বর্তমানে ৩৪০ ও ২৬৪ টাকা দরের রাঁধুনি ব্র্যান্ডের শর্ষের তেল এখন ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই দুই ব্র্যান্ডের তেলের দাম লিটারে ৮০ থেকে ১৩০ টাকা বেড়েছে।

রাহুল গ্রুপের চেয়ারম্যান রনজিৎ কুমার পালিত প্রথম আলোকে বলেন, ঈদের আগে প্রতি কেজি শর্ষের দাম ছিল ৮৪ টাকা। সেই শর্ষে এখন ৯৫ টাকা কেজিদরে কিনতে হচ্ছে। শর্ষের দাম বাড়ায় তেলের দামও লিটারপ্রতি ২০ টাকা বাড়াতে হয়েছে।

ঈদের আগে রাজা ওয়েল মিলসের ৮ ও ১৬ কেজি ওজনের টিনজাত শর্ষের তেলের দাম ছিল যথাক্রমে ১ হাজার ৭৬০ ও ৩ হাজার ৫০০ টাকা। বর্তমানে সেই তেল ১ হাজার ৮৬০ ও ৩ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শ্যামল কুমার প্রথম আলোকে বলেন, ৩ হাজার ৫০০ টাকা মণের শর্ষে এখন প্রায় চার হাজার টাকা দরে কিনতে হচ্ছে। শর্ষের দাম বাড়ায় তেলের দামও বেড়েছে।

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, মৌসুমের শুরুর দিকে প্রতি মণ শর্ষের দাম ছিল মানভেদে ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা। কৃষকের ঘর এখন প্রায় শর্ষেশূন্য। বিভিন্ন কোম্পানির লোকজন ও পাইকারি ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে কম দামে শর্ষে কিনে গুদামে মজুত করে রেখেছেন। এখন দাম বাড়লেও কৃষকেরা তার সুফল পাচ্ছেন না।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, বগুড়ায় গেল মৌসুমে ২৭ হাজার ৭০৫ হেক্টর জমিতে ৪৪ হাজার ৩৮২ মেট্রিক টন শর্ষের উৎপাদন হয়েছে। জেলায় শর্ষের তেমন সংকট নেই।

বগুড়ার পাইকারি রাজা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং রাঁধুনি ও তীর ব্র্যান্ডের শর্ষের তেলের পরিবেশক পরিমল প্রসাদ রাজ প্রথম আলোকে বলেন, সয়াবিন, পেঁয়াজ, রসুন, চাল, ডাল চিনি থেকে শুরু করে প্রায় সব নিত্যপণ্য এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বাজার অস্থিতিশীল হয়ে পড়ায় সংসার চালাতে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় শর্ষের তেলের দামও বেড়েছে। কোনো ব্যবসায়ী কোম্পানি নির্ধারিত দামের বেশি দামে যাতে বোতলজাত শর্ষের তেল বিক্রি না করে, সে জন্য সমিতির পক্ষ থেকে বাজার তদারকি জোরদার করা হচ্ছে।

আটা-ময়দার দামেও অস্থিরতা

সয়াবিন কিংবা শর্ষের তেলের মতো বাজারে আটা-ময়দার দামেও অস্থিরতা দেখা দিয়েছে। বাজারে পাল্লা দিয়ে বেড়েছে এই পণ্য দুটির দাম। শহরের রাজা বাজার ও ফতেহ আলী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে নামীদামি সব কোম্পানির প্যাকেটজাত আটা-ময়দা ও সুজির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। দুই সপ্তাহ আগে বগুড়ার প্রসিদ্ধ রাহুল ব্র্যান্ডের আটা ও ময়দা যথাক্রমে ৪০ ও ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন প্যাকেটজাত আটা ও ময়দা ৫০ ও ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রনজিৎ কুমার পালিত প্রথম আলোকে বলেন, ঈদের আগে আমদানি করা প্রতি কেজি গমের দাম ছিল ৩২ টাকা ৫০ পয়সা। সেই গম এখন ৪৪ টাকা কেজিদরে কিনতে হচ্ছে। গমের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় প্যাকেটজাত আটা ও ময়দার দাম কেজিতে গড়ে ১০ টাকা বাড়ানো হয়েছে।