বগুড়ায় পোষা প্রাণীদের জন্য পৃথক হাসপাতালের দাবি

পেটস কেয়ার টিম বগুড়ার আয়োজনে পোষা প্রাণীদের বিনা মূল্যে ভেটেরিনারি চেকআপের আয়োজন করা হয়। সেখানে নিজের পোষা প্রাণীর চিকিৎসা নেওয়ার জন্য আসছেন পোষা প্রাণীপ্রেমীরা। সোমবার বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণেছবি: সোয়েল রানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় পোষা প্রাণীদের চিকিৎসাসেবায় পৃথক একটি হাসপাতাল স্থাপনের দাবি করেছে পেটস কেয়ার টিম বগুড়া নামের প্রাণীপ্রেমীদের একটি সংগঠন। সোমবার সংগঠনটি এই দাবিতে বগুড়া জিলা স্কুল চত্বরে দিনব্যাপী বিনা মূল্যে পোষা প্রাণীর চিকিৎসা শিবিরের আয়োজন করে। এই চিকিৎসা শিবিরে পোষা কুকুর, বিড়াল, কবুতর, খরগোশসহ শতাধিক পোষা প্রাণীর চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া পোষা প্রাণী লালনপালনের নানা পরামর্শ দেওয়া হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তর বগুড়ার সহযোগিতায় দিনব্যাপী পোষা প্রাণীর এই চিকিৎসা শিবির সকালে উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান।

পেটস কেয়ার টিম বগুড়ার সভাপতি মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ। এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এডোনিস বাবু তালুকদার, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসা, জেড বি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ শাওন, সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক রাকিব জুয়েল, রাকিবুল হাসান প্রমুখ।

এই চিকিৎসা শিবিরে পোষা কুকুর, বিড়াল, কবুতর, খরগোশসহ শতাধিক পোষা প্রাণীর চিকিৎসাসেবা প্রদান করা হয়।
পেটস কেয়ার টিম বগুড়ার আয়োজনে পোষা প্রাণীদের বিনা মূল্যে ভেটেরিনারি চেকআপের আয়োজন করা হয়। সোমবার বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে
ছবি: সোয়েল রানা

আয়োজকদের অন্যতম সদস্য মঈনুল হাসান বলেন, বগুড়ায় পোষা প্রাণী লালনপালনকারীদের স্বেচ্ছাসেবী সংগঠন পেটস কেয়ার টিম বগুড়া। পোষা প্রাণী ছাড়াও শহরের বিপদগ্রস্ত ও অসুস্থ কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর চিকিৎসাসেবা, খাবার প্রদানসহ নানা কাজ করে সংগঠনটি। গত বছরের ৩ অক্টোবর এই সংগঠন যাত্রা শুরু করে। এখন সংগঠনের সদস্যসংখ্যা ২১।

আয়োজকেরা অনুষ্ঠানে বগুড়ায় পোষা প্রাণীদের জন্য নতুন একটি হাসপাতাল স্থাপনের দাবি জানান। তাঁরা জানান, বাসাবাড়িতে প্রাণী পোষার ব্যাপারটিকে উৎসাহিত করতেও কাজ করছেন তাঁরা। ফেসবুকে তাঁদের একটি পেজ আছে। পোষা প্রাণী, বিপদগ্রস্ত ও অসুস্থ প্রাণীকে চিকিৎসাসেবা দিতেই বিনা মূল্যের এই চিকিৎসা শিবিরের আয়োজন করেছেন তাঁরা। এই চিকিৎসা শিবিরে শতাধিক পোষা প্রাণী নিয়ে আসেন পশুপাখিপ্রেমীরা। বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা প্রদান ছাড়াও টিকা ও ওষুধ প্রদান করেন।