বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ধর্ষণের অভিযোগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২–এর বগুড়া ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির সদস্যরা গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় জেলা সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আমজাদ হোসেনকে সারিয়াকান্দি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্পেশালাইজড কোম্পানির অধিনায়ক সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ আগস্ট সারিয়াকান্দি থানায় আমজাদের বিরুদ্ধে মামলা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।

সারিয়াকান্দি থানা-পুলিশ ও র‌্যাব-১২ ক্যাম্প সূত্রে জানা গেছে, ইউনিয়নের একটি গ্রামের মানসিক প্রতিবন্ধী নারীর বাড়িতে যাতায়াত ছিল ইউপি সদস্যের। সেই সুযোগে ৪ আগস্ট ভোররাতে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। ৭ আগস্ট সারিয়াকান্দি থানায় আমজাদের বিরুদ্ধে এজাহার জমা দেওয়া হয়। পুলিশ প্রথমে মামলা নিতে টালবাহানা করে। পরে ১১ আগস্ট অভিযোগটি মামলা হিসেবে থানায় নথিভুক্ত করা হয়।