বগুড়ায় বাম জোটের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবেশে হামলা প্রতিবাদে বগুড়ার বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল হয়। আজ বুধবার সাতমাথা এলাকায়
ছবি: প্রথম আলো

বগুড়ায় গতকাল মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোটের ‘দাম কমাও, জান বাঁচাও’ কর্মসূচিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ ছাড়া দেশজুড়ে ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল কর্মসূচির সমর্থনে মিছিলও হয়েছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে চাল–ডালসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে চলা অনুষ্ঠানে গতকালের হামলার প্রতিবাদ জানানো হয়। ২৮ মার্চ ডাকা আধা বেলার হরতাল সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান বক্তারা। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা কমিটির সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম। সমাবেশে বাসদ বগুড়া জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, গণসংহতি আন্দোলন বগুড়ার সমন্বয়কারী আবদুর রশীদ, বাসদ জেলা কমিটির সদস্য দিলরুবা নূরী ও ধনঞ্জয় বর্মন প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, গতকালের হামলা বাকস্বাধীনতা হরণের নগ্ন উদহারণ। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ না নিয়ে উল্টো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে করা হামলা করে সরকার নিজেদের স্বৈরতন্ত্রের মুখোশ উন্মোচন করেছে।

বক্তারা বলেন, গ্রাম ও শহরের শ্রমজীবী সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার করা ও সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। মজুতদার, আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। টিসিবির পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বাড়ানো এবং গ্রাম পর্যন্ত ওএমএসের বিক্রি সম্প্রসারণ করতে হবে। গ্রাম-শহরের শ্রমজীবী মানুষের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।