বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল একজনের
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা চালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন বাসযাত্রী। আজ বুধবার দুপুর ১২টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় এ ঘটনা ঘটে।
বেলা তিনটা পর্যন্ত বাসযাত্রীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের দীর্ঘ যানযট সৃষ্টি হয়। পরে শাজাহানপুর থানা ও হাইওয়ে কুন্দারহাট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা বরিশাল অভিমুখী তুহিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস বগুড়া-নাটোর মহাসড়কের শাকপালা এলাকায় একপাশে দাঁড়িয়ে থাকা যশোরগামী চালবাহী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ভেতরে চাপা পড়ে আহত হন বাসযাত্রীরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং শাজাহানপুর থানা ও হাইওয়ে কুন্দারহাট থানা পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে এক বাসযাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়।
চালবাহী ট্রাকচালক সুমন কুমার বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চালবোঝাই করে তিনি ট্রাক চালিয়ে যশোর যাচ্ছিলেন। পথে শাকপালা এলাকায় মহাসড়কের একপাশে ট্রাক দাঁড় করিয়ে চা-সিগারেট খেতে নিচে নামেন। এ সময় ওই যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। তিনি বাসযাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাঁর লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।