বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার সহপাঠী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় ঢাকা-রংপর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ওই স্কুলছাত্রের নাম সিফাতুল্লাহ। সে উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র এবং বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় ওয়াহেদুজ্জামানের ছেলে। এ ঘটনায় আহত মোহাম্মদ হাসান শেরপুর উপজেলার তালতলা এলাকার শুকুর আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাতে সিফাতুল্লাহ ও হাসান মোটরসাইকেলে শেরপুরে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। হাসান মোটরসাইকেল চালাচ্ছিল এবং সিফাতুল্লাহ পেছনে বসে ছিল। এ সময় তারা কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় বাসটি সিফাতুল্লাহকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত হাসানকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, স্কুলছাত্র সিফাতুল্লাহর লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হাসান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাসটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় হাইওয়ে পুলিশ চালককে আটক করতে পারেনি। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।