বগুড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী নিহত
বগুড়ায় দূরপাল্লার বাসের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে বগুড়া শহরতলির ঝোপগাড়ি মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আবদুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও আজাহার আলীর স্ত্রী হামিদুন বেগম (৬০)। আহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার নামাবালা গ্রামের একই পরিবারের ছয় সদস্য ইজিবাইকে করে জয়পুরহাটের আক্কেলপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা হন। শহরের চারমাথায় পৌঁছার আগেই ঝোপগাড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকের চালকসহ যাত্রীরা সবাই আহত হন। দুর্ঘটনার পরই চালক বাসটি নিয়ে পালিয়ে যান। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ারা বেগম ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে হামিদুন বেগম মারা মান।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম আজ দুপুরে বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ায় তা আটক ও শনাক্ত করা যায়নি। নিহত দুই যাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।