বগুড়ায় বিএনপির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাক বন্দোবস্তকারী সমিতির কর্তৃত্ব নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার কিচক বন্দরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বেলাই গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির কিচক বন্দর শাখা ও কিচক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আওয়ামী লীগপন্থী শ্রমিকেরা হামলা চালিয়ে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলামের চাচাতো ভাই আবদুল বাসেদ নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন। তিনি বলেন, শহিদুল ইসলাম কিচক বন্দর ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বন্দরে শ্রমিকদের এই সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। এ নিয়ে আওয়ামী লীগ–সমর্থিত শ্রমিকদের সঙ্গে বিরোধ বাধে।

আবদুল বাসেদ বলেন, গতকাল সন্ধ্যায় বন্দরে অবস্থানকালে কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে শহিদুলের ওপর আওয়ামী লীগের সমর্থক শ্রমিকেরা হামলা চালান। এ সময় তাঁরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে শহিদুলকে গুরুতর আহত করেন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখনো কোনো হত্যা মামলা হয়নি, কেউ আটকও হয়নি।