বগুড়ায় বিএনপির সাংসদ সিরাজের বিরুদ্ধে ঝাড়ু ও লাঠিমিছিল
বগুড়া-৬ (সদর) আসনের সাংসদ ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে আজ শনিবার ঝাড়ু ও লাঠিমিছিল করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। এ সময় মিছিলকারীরা দল থেকে জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি করে স্লোগান দেন।
বেলা ১১টার দিকে জেলা শহরের মালতীনগর বকশীবাজার মোড় থেকে সিপারের পক্ষে কয়েক শ নারী ও পুরুষ ওই মিছিল বের করেন। মিছিল শেষে সাংসদ সিরাজ তাঁর পক্ষের নেতা-কর্মীদের মোটরসাইকেলের বহর ও লাঠিমিছিল নিয়ে আদালত চত্বরে যান। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন উপলক্ষে সেখানে সাংসদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল।
ভবিষ্যতে যে কেউ এ রকম কর্মকাণ্ড করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।
জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, বিএনপির সাংসদের পক্ষে-বিপক্ষে মিছিল হয়েছে। উভয় পক্ষের হাতে লাঠি থাকার বিষয়টি পরে পুলিশের নজরে এসেছে। এ জন্য উভয় পক্ষের নেতাদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কেউ এ রকম কর্মকাণ্ড করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বগুড়া জেলা, উপজেলা, শহর, পৌরসহ অঙ্গসংগঠনের সব কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে শহরের নওয়াববাড়ী কার্যালয়ে প্রতিনিধি সভা চলছিল। এ সময় সেখানে হামলা ও ভাঙচুর হয়। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপার আল বখতিয়ারকে দায়ী করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সিপারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে বগুড়া বিএনপিতে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন উপলক্ষে আদালত চত্বরে সাংসদ সিরাজের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সাংসদের এ কর্মসূচি প্রতিহত করতে সিপারের কর্মী-সমর্থকেরা ঝাড়ু ও লাঠিমিছিল বের করেন। এ সময় সিপারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।
নেতা-কর্মীদের সংঘাতের বদলে শান্ত থাকতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শহরের মালতীনগর বকশীবাজার মোড় থেকে কয়েক শ নারী ও পুরুষ সাংসদের বিরুদ্ধে মিছিল বের করেন। এ সময় নারীদের হাতে ঝাড়ু ও পুরুষদের হাতে লাঠি ছিল। পুলিশের উপস্থিতিতে মিছিলটি পিটিআই মোড়, ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা থেকে মালতীনগরে ফিরে আসে। এর মধ্যে পিটিআই মোড়ে বিক্ষোভকারীরা সাতমাথা-শেরপুর সড়ক অবরোধ করেন। সেখানে কয়েকজন বক্তব্য দেন।
বিক্ষোভকারীরা ঘোষণা দেন, সিপারের বহিষ্কারাদেশ তুলে নেওয়া না হলে বগুড়া অচল করে কর্মসূচি দেওয়া হবে। পরে পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে তাঁরা মিছিল নিয়ে সাতমাথার দিকে যান। এ মিছিল শেষে সাংসদ সিরাজ দলীয় নেতা-কর্মীদের মোটরসাইকেলের বহর ও লাঠিমিছিল নিয়ে আদালত চত্বরে যান।
সিপার আল বখতিয়ারকে জেলা বিএনপি বহিষ্কার করেনি। তাঁর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধও নেই।
জানতে চাইলে সিপার আল বখতিয়ার বলেন, নেতা-কর্মীদের সংঘাতের বদলে শান্ত থাকতে বলা হয়েছে।
সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ প্রথম আলোকে বলেন, ‘বগুড়া বিএনপি চলে জিয়া পরিবারের নির্দেশে। শৃঙ্খলাভঙ্গের দায়ে সিপার আল বখতিয়ারকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এখন কেউ ঝাড়ু বা লাঠিমিছিল করলে তাঁরা আসলে আমার বিরুদ্ধে নয়, তারেক রহমানের বিরুদ্ধেই মিছিল করছেন। সিপার আল বখতিয়ারকে জেলা বিএনপি বহিষ্কার করেনি। তাঁর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধও নেই।’ নিজের কর্মী-সমর্থকদের লাঠিমিছিলের বিষয়ে তিনি বলেন, আত্মরক্ষার জন্য কেউ লাঠি সঙ্গে রাখতেই পারেন।