বগুড়ায় ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাব্বর আলী
ছবি: সংগৃহীত

বগুড়া শেরপুর উপজেলায় এক মুরগি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুড়া পূর্বপাড়া গ্রামের সড়কের পাশ থেকে মুরগি ব্যবসায়ী আকাব্বর আলীর (৪৫) লাশ উদ্ধার করা হয়।

আকাব্বর আলী উপজেলার কাফুড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আজ বুধবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সকালে আকাব্বরের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর পরিবারকে সান্ত্বনা দিতে আশপাশের বিভিন্ন গ্রামের নারী–পুরুষ ওই বাড়িতে ভিড় করছেন। আকাব্বরের এমন মৃত্যুতে সেখানে শোকের ছায়া নেমে এসেছে।

আকাব্বরের বড় মেয়ে রাশেদা খাতুন প্রথম আলোকে বলেন, রানু ও আজর নামে স্থানীয় দুই ব্যবসায়ীর কাছে তাঁর বাবা ৪৫ হাজার টাকার সুদে ধার নিয়েছিলেন। সুদের টাকা তুলতে ওই দুজন গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁদের বাড়িতে আসেন। এ সময় রানু ও আজর তাঁর বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত পৌনে ১০টার দিকে গ্রামের লোকজনের মাধ্যমে তাঁরা খবর পান, তাঁদের বাড়ি থেকে ৩০০ গজ দক্ষিণে তাঁর বাবা সড়কের ওপর পড়ে আছেন।

আকাব্বরের এমন মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার সকালে শেরপুর উপজেলার কাফুড়া পূর্বপাড়া গ্রামে
ছবি: প্রথম আলো

পরে গ্রামের লোকজনের সহযোগিতায় আকাব্বরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আকাব্বরের মা সনেকা খাতুন (৭৫) বলেন, রানু ও আজর তাঁর ছেলেকে হত্যা করেছেন। তিনি তাঁর ছেলের হত্যার বিচার চান।

কাফুড়া পূর্বপাড়া গ্রামের দুজন বলেন, আকাব্বর দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসা করে। শেরপুর শহরের রেজিস্ট্রি অফিস বাজার মোড়ে তাঁর দোকান আছে। আকাব্বরকে দুজন ‘সুদখোর ব্যবসায়ী’ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ায় গ্রামের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আকাব্বরের লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে স্থানীয় দুই ব্যবসায়ীকে অভিযুক্ত করা হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত দুজনের সন্ধানে পুলিশি নজরদারি চলছে।