বগুড়ায় ভাঙা হলো ৩ ইটভাটা, এক আ.লীগ নেতাকে জরিমানা
বগুড়ায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইটভাটার মালিক এক আওয়ামী লীগ নেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান ও বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজালের নেতৃত্বে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
এই তিন ইটভাটা হলো সদর উপজেলার পল্লীমঙ্গল এলাকার মেসার্স মাসুমা ব্রিকস, শিবগঞ্জ উপজেলার হরিপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স সাদ অ্যান্ড প্রিন্স ব্রিকস ও সারিয়াকান্দি উপজেলার এলএমএন নামের একটি ইটভাটা।
মেসার্স মাসুমা ব্রিকসের মালিক বগুড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান। তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের একটি সূত্র বলছে, মাসুদুর রহমানের ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানো হচ্ছিল।
এ বিষয়ে মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর মালিকানায় পরিচালিত দুটি ইটভাটার মধ্যে একটি ইতিমধ্যেই জিগজ্যাগ কিলন ভাটায় রূপান্তর করা হয়েছে। অন্যটি প্রক্রিয়াধীন ছিল। পরিবেশ অধিদপ্তরের অভিযানকারী দলটি সেখানে গেলে তিনি নিজেই ভেঙে দেওয়াসহ আইনত ব্যবস্থা নিতে বলেন।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের সংশোধিত পরিবেশ আইন অনুযায়ী ১২০ ফুটবিশিষ্ট ফিক্সড চিমনি ভাটা পরিচালনা দণ্ডনীয় অপরাধ। জিগজ্যাগ কিলন ভাটা বৈধ হলেও লোকালয় ঘেঁষে ইটভাটা পরিচালনা না করাসহ বেশ কিছু শর্ত মানতে হয়। এসব বিষয় লঙ্ঘন করায় তিনটি ইটভাটার কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং একজন ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।