বগুড়ায় ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে হত্যা
বগুড়ায় ভাতিজিকে (২০) উত্ত্যক্তের প্রতিবাদ করায় হাসান সরকার (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে বগুড়া শহরতলীর পালসা সরকারপাড়া এলাকায় বখাটে রূপম হাসান (৩৪) ও তাঁর সঙ্গীরা হাসান সরকারকে কুপিয়ে জখম করেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসান সরকার পেশায় বাসচালক ছিলেন। অভিযুক্ত রূপম হাসান একই মহল্লার বাসিন্দা এবং পেশায় থাই গ্লাসের মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় কয়েকজনের ভাষ্য, তরুণীকে উত্ত্যক্তের বিষয়টি নিয়ে সালিস হয়। সালিসে হাসানের সঙ্গে রূপমের বাগ্বিতণ্ডা ও কথা-কাটাকাটি হয়। রূপম তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। গত বৃহস্পতিবার মেয়েটি বগুড়া সদর থানায় রূপমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এতে রূপম ক্ষুব্ধ হন।
হাসান সরকারের ছেলে মৃদুল সরকার অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সহযোগীদের সঙ্গে মিলে রূপম তাঁর বাবার ওপর অতর্কিতে হামলা করেন। বাবার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন। হাসান সরকারকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুর রশিদ সরকার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হাসান সরকারের ছেলে বাদী হয়ে গতকাল বগুড়া সদর থানায় রূপমসহ কয়েকজনকে আসামি করে মারামারির মামলা করেছেন। এখন এটি হত্যা মামলায় রূপান্তরের জন্য আদালতে আবেদন করা হয়েছে। রূপম ও তাঁর সহযোগীরা আত্মগোপনে আছেন। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে।