বগুড়ায় মাদক রাখার দায়ে দম্পতির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় হেরোইন রাখার মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইয়াবা বড়ি রাখার দায়ে স্ত্রীকে পৃথক ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. হাফিজুর রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডিত আসামি হলেন বগুড়া শহরের চকসূত্রাপুর কসাইপাড়ার মেহেদুল ইসলাম (৩০) এবং তাঁর স্ত্রী শাফি বেগম (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ আগস্ট বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযানের সময় দণ্ডিত মেহেদুল ইসলামের চকসূত্রাপুরের বাসা থেকে ৩২০ গ্রাম হিরোইন এবং তাঁর স্ত্রী শাফি বেগমের কাছ থেকে ২৮টি ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় এপিবিএন পুলিশের এসআই (উপপরিদর্শক) হাসানুল কবির বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই মান্নান সরকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই মামলার রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন এপিপি আবদুর রাজ্জাক।