বগুড়ায় রেলের জলাশয় ভরাট করে দোকানঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের সামনে রেলওয়ের জলাধার ভরাট করে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। অভিযোগ উঠেছে, পরিবেশ আইন লঙ্ঘন করে ভুয়া কাগজপত্র তৈরি করে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি সেখানে অবৈধভাবে এ স্থাপনা তৈরি করছেন।

কলেজ কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পাসের সামনে এভাবে জলাধার ভরাট করে দোকান নির্মাণ করায় কলেজের সৌন্দর্যহানি হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়বে।

বগুড়া শহরের কামারগাড়ি রেলগেট থেকে পুরান বগুড়া বিদ্যুৎকেন্দ্রের ফটক পর্যন্ত রেললাইনের এক পাশে শহরের স্টেশন সড়ক এবং অন্য পাশে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস। কলেজ প্রশাসন ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেললাইন নির্মাণের পর থেকেই বহুকাল ধরে কলেজ ক্যাম্পাস আর রেললাইনের মাঝখানে পূর্ব-পশ্চিম আড়াআড়ি লেক বা জলাধার ছিল। এই জলাধার কলেজের সৌন্দর্যবর্ধন ছাড়াও ক্যাম্পাসের সামনে নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করেছে। এ কারণে এত দিন কলেজ প্রশাসন ক্যাম্পাসের সামনে নিরাপত্তাপ্রাচীরও দেয়নি। কিন্তু এক দশক ধরে রেলওয়ের এই লেক বা জলাধার বেদখল হয়ে যাচ্ছে। প্রথমে দখলদারেরা ইজারার ভুয়া কাগজপত্র তৈরি করে জলাধার দখলে নিয়েছেন। এখন জলাধার ভরাট করে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। কয়েক বছর আগে কলেজের বেগম রোকেয়া ছাত্রীনিবাসের সামনে ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় জলাধার ভরাট করে বেশ কয়েকটি দোকানঘর নির্মাণ করা হয়েছিল। এখন কলেজের প্রধান ফটক থেকে পুরান বগুড়া বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত ক্যাম্পাসের সামনের অংশে সৌন্দর্যবর্ধনকারী লেক ভরাট করে চলছে অবৈধ দোকানঘর নির্মাণ। কিছুদিন আগে শহরের সবুজবাগ এলাকার রবিউল ইসলাম রেলওয়ের জলাধারের কিছু অংশ ভরাট করে ইটের দোকানঘর নির্মাণ করেন। এক মাস ধরে রবিউল লেকের আরও বেশ কিছু অংশ ভরাট করে মার্কেট নির্মাণ করছেন।

গত শনিবার সরেজমিনে দেখা যায়, কলেজের জামিলনগর প্রধান ফটকের পাশে নার্সারি দোকানের নামে রেলওয়ের জায়গায় অবৈধ অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে। অস্থায়ী স্থাপনা তৈরি করে চলছে ইট-বালুর ব্যবসাও। অন্যদিকে প্রধান ফটক থেকে পুরান বগুড়া পর্যন্ত ক্যাম্পাসের সামনের লেকের সিংহভাগই ভরাট হয়ে গেছে। কলেজ ক্যাম্পাস ঘেঁষে পাঁচ-ছয়টি দোকানঘর নির্মাণ করা হচ্ছে।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস্-উল আলম প্রথম আলোকে বলেন, লেকের পুরোটায় এখন বেদখল। সর্বশেষ কলেজের বাণিজ্যিক অনুষদ ভবন চত্বর-সংলগ্ন ক্যাম্পাসের পাশে লেক ভরাট করে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি দোকানঘর নির্মাণ করছেন। রেলওয়ের কাছ থেকে জায়গা ইজারার কথা বললেও তাঁর কাগজপত্র সবই ভুয়া।

তবে রবিউল ইসলামের দাবি, তিনি রেলওয়ের কাছ থেকে ৩৭ শতক কৃষিজমি লিজ নিয়েছেন। এই জায়গার পৌনে তিন শতক (১ হাজার ২০০ স্কয়ার ফুট) অংশ বাণিজ্যিক লিজের আবেদন করলে রেলওয়ে থেকে অনুমোদন দেওয়া হয়েছে। সেই জায়গার অর্ধেক অংশে অনেক আগেই তিনি কয়েকটি দোকানঘর নির্মাণ করেছিলেন। এখন অবশিষ্ট জায়গা ভরাট করে দোকানঘর নির্মাণ করছেন।

রবিউল ইসলাম এ বছরের ১৫ জুনে রেলওয়ের এক কর্মকর্তা স্বাক্ষরিত একটি নথি দেখান। এতে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত পুরান বগুড়া মৌজার ১২৩ জেএল নম্বরের ১ হাজার ২০০ বর্গফুট জায়গা বাণিজ্যিক ইজারা দেওয়ার কথা বলা হলেও সেখানে কোনো দাগ নম্বর, জমির শ্রেণি ও চৌহদ্দি উল্লেখ নেই। ইজারাগ্রহীতার নাম কানু মিয়া, পিতা: মৃত মফিজ উদ্দিন, ঠিকানা: শহরের জামিলনগর উল্লেখ রয়েছে।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজওয়ানুল হক বলেন, ‘বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে রেলওয়ের কোনো জায়গা গত মাসে কাউকে বাণিজ্যিক ইজারা দেওয়া হয়েছে, এমনটা আমার জানা নেই। ইজারা দেওয়া হয়ে থাকলে নথিতে অবশ্যই মৌজা, দাগ নম্বর, চৌহদ্দি উল্লেখ থাকবে। কেউ ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখল করলে ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়ার পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম মাসুদুজ্জামান বলেন, পরিবেশ আইনে শহরাঞ্চলে সব ধরনের জলাশয় ও জলাধার ভরাট বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।