বগুড়ায় লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই দিনেও কেউ শনাক্ত হয়নি
বগুড়া শহরের সাবগ্রাম ইউনিয়নের নাথপাড়া এলাকায় দুর্গামন্দিরে লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের ঘটনার দুই দিনেও জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে মন্দির কমিটির সভাপতি রঞ্জন দেবনাথ বাদী বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া সদর থানায় মামলা করেন। তবে আজ শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মন্দির এলাকায় কোনো সিসি ক্যামেরাও ছিল না। এর পরও জড়িতদের শনাক্ত করতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কাজ করছে।
বুধবার দিবাগত রাত একটার পর কোনো একসময়ে সাবগ্রাম নাথপাড়ার দুর্গামন্দিরে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে পূজা উদ্যাপন কমিটির লোকজন মন্দিরে গেলে প্রতিমা ভাঙচুরের বিষয়টি জানাজানি হয়। পরে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দেন।
মন্দিরে বসছে সিসি ক্যামেরা
পূজামণ্ডপ ও মন্দিরে দুষ্কৃতকারীদের হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঠেকাতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক (ডিসি) জিয়াউল হক। শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত বিশেষ সভায় তিনি এই নির্দেশ দেন।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি ও র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র, আনসার ও ভিডিপির কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম-মুয়াজ্জিন সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন কমিটি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। সভায় অন্যদের মধ্যে বিজিবি নওগাঁ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির বক্তব্য দেন।
সভায় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, বগুড়ায় উৎসবমুখর পরিবেশে এবার শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হয়েছে। তবে দুর্গোৎসব শেষে একটি মন্দিরে লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের যে ঘটনা হয়েছে, তা বিচ্ছিন্ন বিষয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
সভা শেষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের বগুড়া শহর শাখার সভাপতি পরিমল প্রসাদ রাজ প্রথম আলোকে বলেন, নিরাপত্তার স্বার্থে জেলায় স্থায়ী মন্দির ও পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। মন্দির কমিটিকে নিজ উদ্যোগেই সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। তিনি আরও বলেন, বগুড়া সদরে ৫০টির মতো স্থায়ী মন্দির আছে। এসব মন্দিরের মধ্যে বগুড়া শহরের চেলোপাড়া সর্বজনীন কালীমন্দির, দত্তবাড়ী মন্দির, সেউজগাড়ী পালপাড়া সর্বজনীন মন্দির, পুলিশ লাইনসের পাশে শিবমন্দিরে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জলেশ্বরীতলা কালিবাড়ী মন্দির, ঠনঠনিয়া হাড়িপাড়া মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। শিগগির শহরের সব স্থায়ী মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।