বগুড়ায় শসার সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ১৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সালাদ তৈরির অন্যতম অনুষঙ্গ শসার দাম বেড়েছে
ফাইল ছবি

বগুড়া শহরের ফতেহ আলী খুচরা সবজির বাজারের একটি দোকানে এক কেজি শসার দাম জিজ্ঞাসা করলেন একজন ক্রেতা। বিক্রেতা দাম হাঁকলেন ১২০ টাকা। বললেন, ‘দাম করা চলবি না, একদর।’

দাম শুনে দোকানির দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে ক্রেতা বললেন, ‘পরশু এক কেজি শসা কিনলাম ৫০ টাকায়, এক দিনের ব্যবধানে সেঞ্চুরি পার!’ এ কথা শুনে বিক্রেতা বললেন, কোরবানির ঈদ, কদর বেড়েছে শসার। দামও তাই চড়া।

শসা নিয়ে ক্রেতা-বিক্রেতার এই বাগ্‌বিতণ্ডার মধ্যেই দোকানির কাছে এক কেজি কাঁচা মরিচ চাইলেন আরেক ক্রেতা। ক্রেতার হাতে থাকা ব্যাগে পাল্লাভর্তি কাঁচা মরিচ ঢেলে দেওয়ার পর ক্রেতা ১০০ টাকার একটা নোট বের করে দোকানির দিকে এগিয়ে দিলেন। দোকানি তখন আরও ৬০ টাকা চাইলেন। ক্রেতা আকবর আলী এবার আকাশ থেকে পড়ার অবস্থা। বললেন, কাঁচা মরিচের কেজি ১৬০? দোকানি বললেন, ‘আরও বাড়বে। বৃষ্টিতে খ্যাত মার গেচে, সরবরাহ নাই।’

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আর ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সালাদ তৈরির অন্যতম অনুষঙ্গ শসা, কাঁচা মরিচের দাম বেড়েছে। শতক পার করেছে টমেটো ও গাজরের দামও। আজ শুক্রবার বগুড়া শহরের ফতেহ আলী ও বকশীবাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। শসা, কাঁচা মরিচের দাম বেড়েছে সবজির পাইকারি মোকাম মহাস্থানেও।

বাজার ঘুরে জানা যায়, এক দিন আগেও খুচরা পর্যায়ে ভালো মানের এক কেজি শসার দাম ছিল গড়ে ৫০ টাকা। ঈদে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে দেশি শসা ১৪০ এবং হাইব্রিড জাতের শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

বকশীবাজারের সবজি বিক্রেতা আবদুস সালাম বলেন, ‘এক দিন আগেও কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজ বিক্রি করছি ১৬০ টাকা দরে। শসার কেজি এক দিন আগে ছিল ৫০। আজ একলাফে ১২০। এ ছাড়া টমেটো ও গাজর ১২০ টাকা দরে বিক্রি করছি।’

বকশীবাজারে শসা কিনতে আসা জোবায়ের হাসান দাম শুনে কিছুটা খ্যাপেই গেলেন। বললেন, ‘কোরবানির ঈদের সঙ্গে শসার সম্পর্ক কী? মানুষ কী শসা দিয়ে মাংস রান্না করবে!’

শুক্রবার সকালে মহাস্থান হাট সবজির আড়তে খোঁজ নিয়ে জানা যায়, চাহিদার সুযোগে এখানেও হঠাৎ বেড়েছে শসা, কাঁচা মরিচসহ বেশ কিছু সবজির দাম। পাইকারি পর্যায়ে শুক্রবার মহাস্থান বাজারে প্রতি কেজি শসা ৬০, কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গত বৃহস্পতিবার পাইকারি পর্যায়ে শসা ৪০ এবং কাঁচা মরিচ গড়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

মহাস্থান হাট কাঁচা ও পাকা মাল আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ঈদে মানুষের পাতে কোরবানির মাংসের সঙ্গে থাকে সালাদ। সালাদ তৈরির অনুষঙ্গ শসার চাহিদার সঙ্গে দাম দ্বিগুণ বেড়েছে।