বগুড়ায় সন্ত্রাসবিরোধী নাটক ‘মুখোশ’ উপভোগ করলেন দর্শকেরা
পুলিশের সন্ত্রাস দমন ও উগ্রবাদ প্রতিরোধ কার্যক্রম এবং আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় বগুড়ায় সচেতনতামূলক নাটক ‘মুখোশ’ মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে নাটকটি উপভোগ করেন দর্শকেরা।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এ আয়োজনে সহযোগিতা করে বগুড়া জেলা পুলিশ। জায়েদ জুলহাসের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক আহমেদুল কবির।
ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে কীভাবে মানুষকে উগ্রবাদের দিকে টেনে আনা হয়, উগ্রবাদের উসকানিদাতা বা জঙ্গিরা কীভাবে সহজ-সরল মানুষকে বিপথগামী করে তোলে, উগ্রবাদে জড়িয়ে যাওয়ার পর মানুষের আচরণগত কী কী পরিবর্তন ঘটে, উগ্রবাদে জড়িত হওয়ার ক্ষেত্রে কারা ঝুঁকিতে এবং ধর্মের ভুল ব্যাখ্যা সমাজে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তায় কতটা ঝুঁকিপূর্ণ, তা নাটকটিতে তুলে ধরা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা নাটকটিতে অংশ নেন। নাটকের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার খন্দকার আরাফাত লেনিন। নাট্য প্রদর্শনী আয়োজন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন আহসান খান।
বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদসহ বহু দর্শক নাটকটি উপভোগ করেন।