বগুড়ায় সিপিবির বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখা বিক্ষোভ–মিছিল করে
ছবি: প্রথম আলো

বগুড়ায় পুলিশের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ মিছিলে বাধার অভিযোগ উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরের সাতমাথা এলাকায় বুধবার বেলা সাড়ে ১১টায় ওই বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে সিপিবির বগুড়া জেলা কমিটি।

সমাবেশ শেষে ‘দাম কমাও, জান বাঁচাও’ শীর্ষক স্লোগানে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে নওয়াববাড়ি সড়ক অতিক্রম করছিল। তখন মিছিলটিকে পুলিশ আটকে দেওয়ার চেষ্টা করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম। বক্তব্য দেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সহসাধারণ সম্পাদক হরি শংকর সাহা, হাসান আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, ট্রেড ইউনিয়ন সেন্টারের নেতা ফজলুর রহমান, যুব ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান, ছাত্র ইউনিয়নের নেতা সাদ্দাম হোসেন, সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শাহ নিয়াজ কবির খান প্রমুখ।

জিন্নাতুল ইসলাম বলেন, লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়ছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না। বর্তমান সরকার বৃহত্তর জনগোষ্ঠী, তথা গরিব-মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করে না, এই সরকার কালোবাজারি ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করছে।

আমিনুল ফরিদ বলেন, জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিয়ে মানুষের পকেট থেকে যারা শত শত কোটি টাকা লুট করছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম জোরদার করতে হবে। শহর-গ্রামের গরিব-মেহনতি মানুষের মধ্যে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। অবিলম্বে চাল, ডাল, আটা, চিনি, ভোজ্য-জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। নিত্যপণ্যের দাম কমানো না হলে জনগণকে সঙ্গে নিয়ে সিপিবি দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার বিষয়ে আমিনুল ফরিদ বলেন, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কবি নজরুল ইসলাম সড়ক, থানা মোড় হয়ে নওয়াববাড়ি সড়ক অতিক্রম করার সময় পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ শান্তিপূর্ণ মিছিলে বাধার চেষ্টা করলেও, ওই বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে সাতমাথায় ফিরে কর্মসূচি শেষ হয়।

জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, সিপিবির কর্মসূচিতে পুলিশের বাধার বিষয়টি জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগও করেননি।