বগুড়ায় হত্যাকাণ্ডের সোয়া দুই বছর পর আসামির স্বীকারোক্তি

বগুড়ার সোনাতলা থানায় সোয়া দুই বছর ধরে তদন্ত ঝুলে থাকা বিপ্লব সরকার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই মামলায় গ্রেপ্তার এক আসামি। আজ সোমবার বিকেলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মোমিনের আদালতে আসামি রাজীব হোসেন এই স্বীকারোক্তি দেন। এই হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আরও চার আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
হত্যাকাণ্ডের শিকার বিপ্লব সরকার এবং রাজীব হোসেন দুজনই বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা। অন্যদিকে রিমান্ড মঞ্জুর করা সঞ্জয় কুমার মণ্ডলের বাড়ি সোনাতলা উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। অন্য তিনজনের মধ্যে বেলাল হোসেন, হাসান আলী ও আবদুর রহমানের বাড়ি বগুড়া শহরের খান্দার এলাকায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন মণ্ডল বলেন, ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি সোনাতলা উপজেলার কর্পূর বাজারের একটি চাতাল থেকে বিপ্লব সরকারের বস্তাবন্দী লাশ উদ্ধার হয়। এ ঘটনায় সোনাতলা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। কিন্তু দীর্ঘ সময়েও মামলার কিনারা হয়নি। দুই দফা তদন্তকারী কর্মকর্তা বদলের পর তৃতীয় দফায় এই মামলার তদন্তভার তাঁর ওপর দেওয়া হয়। তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে থাকা রাজীব হোসেনকে গত শনিবার যশোর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে পরে বেলাল, হাসান ও রহমানকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, রাজীব ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে আদালতকে জানিয়েছেন, খুনের শিকার বিপ্লব এবং রাজীব বগুড়া শহরের এক যুবলীগ নেতার সহচর ছিলেন। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে বিপ্লবকে বগুড়া শহর থেকে প্রাইভেট কারে তুলে সোনাতলার কর্পূর বাজারে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর লাশ বস্তাবন্দী করে একটি সেতুর নিচে ফেলে দেওয়া হয়। এরপর রাজীব যশোরে আত্মগোপন করে থিতু হন।
এ আগে বিকেলে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের তথ্য তুলে ধরেন।