বগুড়ায় হেপাটাইটিস রোগীদের জন্য চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল
ফাইল ছবি

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ রোগীদের ডায়ালাইসিস সেবার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার নেফ্রোলজি বিভাগে চালু হচ্ছে হেপাটাইটিস সি পজিটিভ রোগীদের জন্য আলাদা হেমোডায়ালাইসিস সেবা।

বিশ্ব কিডনি দিবসের সকালেই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন এই কার্যক্রমের উদ্বোধন করবেন। আজ বুধবার হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান আ ন ম এহসানুল করিম প্রথম আলোকে বলেন, নেফ্রোলজি বিভাগের ডায়ালাইসিস ইউনিটে এত দিন ২০টি হেমো ডায়ালাইসিস যন্ত্র চালু ছিল। এতে দুই পালায় গড়ে প্রতিদিন ৪০ জন রোগীকে ডায়ালাইসিস সেবা দেওয়া সম্ভব হতো। তবে হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ রোগীদের জন্য আলাদা হেমোডায়ালাইসিস কার্যক্রম চালু না থাকায় অনেক রোগীকে ভোগান্তির শিকার হতে হতো। জীবন বাঁচাতে ছুটতে হতো বেসরকারি ডায়ালাইসিস কেন্দ্রে। এতে কয়েকগুণ বেশি অর্থ গুনতে হতো। ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আলাদা ডায়ালাইসিস কার্যক্রম চালুর দাবি ছিল দীর্ঘদিনের। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই কার্যক্রম চালু হচ্ছে। আপাতত হেপাটাইটিস সি পজিটিভ দুজন রোগীকে দুটি যন্ত্রের মাধ্যমে একসঙ্গে ডায়ালাইসিস সেবা দেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে ২০১৬ সালের ১৭ আগস্ট দুটি যন্ত্রের মাধ্যমে হেমোডায়ালাইসিস ইউনিট চালু করা হয়। ওই বছরের নভেম্বরে চালু হয় নেফ্রোলজি বিভাগের কার্যক্রম। বর্তমানে ডায়ালাইসিস যন্ত্রসংখ্যা ২২টি। শুক্রবার ব্যতীত প্রতিদিন গড়ে ৪০ জন রোগীকে ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে।

নেফ্রোলজি বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস নিয়ে বেঁচে আছেন কিডনি বিকল এমন রোগীর সংখ্যা ৭৪ জন। কিডনি প্রতিস্থাপন ছাড়া তাঁদের বাধ্যতামূলক নিয়মিত ডায়ালাইসিস সেবা দিতে হচ্ছে। ২০ শয্যার নেফ্রোলজি বিভাগে প্রতিদিন গড়ে ৭০ জন রোগী ভর্তি থাকেন। তাঁদের মধ্যে প্রতিদিন ডায়ালাইসিস সেবা পাচ্ছেন ১০ জন রোগী। ডায়ালাইসিস সেবা নিতে প্রতি মাসে গড়ে ২৫০টি আবেদন জমা পড়ে। এ জন্য আবেদনের পর একজন রোগীকে ডায়ালাইসিস সেবার জন্য গড়ে ছয় থেকে সাত মাস অপেক্ষা করতে হয়।

আরও পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর অতিরিক্ত চাপ সামলাতে ডায়ালাইসিস ইউনিটে নৈশ পালা চালু করা প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে তা সম্ভব হচ্ছে না। কিডনি বিভাগে একজন করে সহযোগী, সহকারী অধ্যাপক, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও পাঁচজন কিডনি বিশেষজ্ঞ চিকিৎসা কর্মকর্তার পদ থাকলেও সহকারী অধ্যাপক, সহকারী রেজিস্ট্রার ও পাঁচ চিকিৎসা কর্মকর্তার পদ এখনো শূন্য। জনবল চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে দফায় দফায় চিঠি চিঠি দেওয়া হলেও সাড়া মিলছে না। ডায়ালাইসিস সেবার জন্য রোগীর ফিস্টুলা করতে হাসপাতালে ভাসকুলার সার্জারির ব্যবস্থা নেই। বাইরে থেকে ফিস্টুলা করতে একজন রোগীকে গড়ে ২০ হাজার টাকা বাড়তি খরচ করতে হয়। কিডনি রোগীদের জন্য ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর কথা থাকলেও সেদিকে কোনো অগ্রগতি নেই।