বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের দায়ে সাবেক ইউপি সদস্যের কারাদণ্ড
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলায় লালমনিরহাট জেলার আদিতমারীর পলাশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হোসাইন আলীকে (৪০) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন।
গতকাল বুধবার বিকেলে দ্রুত বিচার আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল এ রায় দেন। এ সময় সাজাপ্রাপ্ত হোসাইন আলী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে পুলিশ বিশেষ ব্যবস্থায় তাঁকে সন্ধ্যায় লালমনিরহাট জেলা কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ নভেম্বর বিকেলে হোসাইন আলী ১০-১২ জন লোকসহ পলাশী ইউনিয়ন পরিষদ কার্যালয়-সংলগ্ন পুরোনো ইউপি কার্যালয়ের টিনশেড ভবনের একটি কক্ষে স্থাপিত পাঠাগারে হামলা চালিয়ে পাঠাগারের আসবাবসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেন। ঘটনার সময় আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় ওই পাঠাগারের লাইব্রেরিয়ান এন কে লিটন মোল্লা ঘটনার দিন রাতেই আদিতমারী থানায় পলাশী ইউনিয়ন পরিষদের তৎকালীন ইউপি সদস্য হোসাইন আলীসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।
আদিতমারী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) এবং মামলার তদন্ত কর্মকর্তা জাফর ইকবাল ওই বছরের ৩০ নভেম্বর লালমনিরহাটের সংশ্লিষ্ট আদালতে আদিতমারীর মদনপুর মৌজার ফকিরটারী গ্রামের তছর উদ্দিনের ছেলে হোসাইন আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৪ ডিসেম্বর হোসাইন আলীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২-এর ৪ ধারায় অপরাধ আমলে নেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি জাহাঙ্গীর আলম বাদশা বলেন, ‘সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পলাশীর সাবেক ইউপি সদস্য হোসাইন আলীর উপযুক্ত সাজা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়েছে। এই রায়ের ফলে আর কেউ এ ধরনের অপরাধ করার আগে বিষয়টি ভেবে দেখবে বলে মনে করি।’
হোসাইন আলীর পরিবার সূত্রে জানা গেছে, তাঁরা এ সাজার বিরুদ্ধে আদালতে আপিল করবেন।