বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও এক জেব্রার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নয়টি জেব্রার মৃত্যুর পর শনিবার সকালে আরও একটির মৃত্যু হয়েছে।

পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, আগের জেব্রাগুলোর সঙ্গেই এ দুটি অসুস্থ ছিল। জেব্রা দুটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছিল। শনিবার সকালে জেব্রা দুটির মধ্যে একটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর ঘণ্টা দুয়েক পর সেটি মারা যায়। অসুস্থ অন্য জেব্রাটির চিকিৎসা চলছে। প্রাণীগুলোর শরীরে করোনার উপস্থিতি থাকতে পারে বলে প্রথমে সন্দেহ করা হয়েছিল। এ কারণে নমুনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু মানুষের করোনা পরীক্ষার কিট দিয়ে ওই পরীক্ষা করা হয়। এতে করোনার নেগেটিভ ফল আসে। প্রাণীর শরীরে করোনা পরীক্ষা করার কিট এ দেশের কোথাও নেই। এগুলো বিদেশ থেকে আনার জন্য কাজ চলছে।

জাহিদুল কবির আরও বলেন, মৃত্যুর আগে জেব্রাটির মুখ দিয়ে শনিবার সকালে হঠাৎ লালা পড়তে থাকে। এটির শরীরের তাপমাত্রা বেড়ে যায়। হাঁটতে পারছিল না। শরীর দুর্বল হয়ে একপর্যায়ে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেটির মৃত্যু হয়। নতুন করে মারা যাওয়া জেব্রার শরীরের নমুনা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে। এ ছাড়া শনিবার সন্ধ্যায় এ নিয়ে সাফারি পার্কের অভ্যন্তরে বৈঠক হয়েছে।

এদিকে নয়টি জেব্রার মৃত্যুর পর বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গঠন করা হয়। এ ছাড়া প্রাণীটির মরদেহের নমুনা পাঠানো হয় বিভিন্ন পরীক্ষাগারে। কয়েকটি পরীক্ষার ফলাফল এসেছে। এসব ফলাফল বিশ্লেষণ করতে গত মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসকদের দল সাফারি পার্কের ভেতরে বৈঠক করে। সেই বৈঠক শেষে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় ১০ দফা নির্দেশনা আসে। দুই দিন ধরে সেসব নির্দেশনা বাস্তবায়ন করছিল পার্ক কর্তৃপক্ষ।

এর মধ্যেই শনিবার আরও একটি জেব্রার মৃত্যু হলো। এই জেব্রার মৃত্যুর পর সেই বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে নতুন করে দুজন যুক্ত হয়েছেন। এই দুজন হলেন কেন্দ্রীয় পশু হাসপাতালের পরিচালক শফিউল ইসলাম সরদার ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম আজম চৌধুরী।

আগের গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দলে আছেন জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ও চিফ ভেটেরিনারি কর্মকর্তা এ বি এম শহীদ উল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক আবু হাদী নুর আলী খান, একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল আলম, অধ্যাপক কাজী রফিকুল ইসলাম, গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উকিল উদ্দিন ও সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা হাতেম জুলকারনাইন।

উল্লেখ্য, এ বছরের ২ জানুয়ারি থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হঠাৎ একের পর এক মারা যেতে থাকে জেব্রা। গত মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট নয়টি জেব্রা মারা গেছে। এরপর শনিবার সকালে আরও একটি জেব্রার মৃত্যু হয়। এ নিয়ে মোট ১০টি জেব্রার মৃত্যু হয়েছে। পার্কটিতে মোট ৩১টি জেব্রা ছিল। এখন জেব্রার সংখ্যা দাঁড়িয়েছে ২১টি।