বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে আজও যানজটে নাকাল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে নলকা পর্যন্ত মহাসড়কের ১০ কিলোমিটার এলাকার যানজট এড়াতে বিকল্প পথে ছুটছে বিভিন্ন যানবাহন। ফলে সিরাজগঞ্জ পৌর শহরে যানজট সৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার দুপুরে পৌর শহরের বাজার স্টেশন এলাকায়
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে নলকা পর্যন্ত মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় সংস্কারকাজের কারণে সড়ক সংকুচিত হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পবিত্র শবে বরাতসহ টানা তিন দিনের ছুটিতে উত্তরাঞ্চলের পথে যানবাহন বেড়ে যাওয়ায় আজ শুক্রবারও থেমে থেমে চলছে যানবাহন। সড়কের অল্প দূরত্ব পার হতে লাগছে ঘণ্টার পর ঘণ্টা। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে মহাসড়কের এই যানজটের প্রভাব পড়েছে সিরাজগঞ্জ শহরেও। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের নিউ ঢাকা সড়ক, এম এ মতিন সড়ক ও সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। এর প্রভাব শহরের এস এস সড়ক, এস বি ফজলুল হক সড়ক ও মুজিব সড়কেও পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে মহাসড়কের নলকা সেতু পর্যন্ত এলাকায় সড়কের সংস্কারকাজ চলছে। এতে সরু সড়কে ভোরের দিকে যানজট কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। শবে বরাতের ছুটির কারণে আজ দুপুরেও যানজট অনেক বেশি।

আজ দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের দীর্ঘ এলাকাজুড়ে যানবাহন দাঁড়িয়ে আছে, থেমে থেমে কিছুক্ষণ পরপর এগোচ্ছে।

ঢাকা থেকে রংপুরগামী নাবিল পরিবহনের যাত্রী গোলাম মোস্তাফা প্রথম আলোকে বলেন, ‘শবে বরাতের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। সকাল পৌনে নয়টায় ঢাকার গাবতলী থেকে বাস ছেড়ে এলেও বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ধীরগতিতে চলছে গাড়ি। সন্ধ্যা নাগাদ গন্তব্যে পৌঁছাতে পারব কি না, নিশ্চয়তা নেই।’

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান প্রথম আলোকে বলেন, শবে বরাতের ছুটির কারণে যানবাহনের অতিরিক্ত চাপে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে হাটিকুমরুল মহাসড়কেও যানজট তৈরি হয়েছে। মহাসড়কটিকে দ্রুত যানজটমুক্ত করতে তাঁরা কাজ করছেন।

মহাসড়কের দীর্ঘ এলাকাজুড়ে যানবাহন দাঁড়িয়ে আছে। আজ শুক্রবার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায়
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জ শহরের অটোরিকশাচালক আবুল কালাম বলেন, দূরপাল্লার শত শত যানবাহন শহর দিয়ে ঢুকছে। এসব যান শহরের বিভিন্ন রুটে ঢোকায় মাঝেমধ্যই যানজট লেগে যাচ্ছে। এ কারণে চরম দুর্ভোগের সৃষ্টি করছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, মহাসড়কের নলকা সেতুর পশ্চিম অংশে সংস্কারকাজ শুরু হওয়ায় একমুখী সড়কে যান চলাচল করছে। এতে সরু মহাসড়কে যানবাহনের ধীরগতির কারণে বিচ্ছিন্ন যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করলেও পুরোপুরি যানজটমুক্ত হতে মহাসড়কের উন্নয়নকাজের সমাপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, মহাসড়ক চার লেনে উন্নীত কার কাজ চলমান থাকায় উত্তরাঞ্চলের যানবাহনগুলো শহর দিয়ে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ কাজ করছে। খুব শিগগির স্বাভাবিক হয়ে যাবে।