বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকায় একটু পরপর যানজট
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে নলকা পর্যন্ত মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় থেকে থেকেই যানজট সৃষ্টি হচ্ছে। ওই এলাকায় সপ্তাহ ধরে সংস্কারের কারণে সড়ক সরু হয়ে পড়েছে। এর ফলে যানবাহনগুলো একটু চলছে, একটু থামছে। সড়কের অল্প দূরত্ব পার হতে ঘণ্টার পর ঘণ্টা লাগছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায় কথা হয় ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের যাত্রী জিল্লুর রহমানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সকাল ১০টায় ঢাকার গাবতলী থেকে বাস ছেড়ে এলেও বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ধীরগতিতে চলছে গাড়ি। কখনো কখনো এই ধীরগতির কারণে সামনে দীর্ঘক্ষণ যানজটে পড়ে থাকতে হচ্ছে। বিকেল নাগাদ পাবনায় পৌঁছাতে পারব কি না তার নিশ্চয়তা নেই।
সরু সড়কে ভোরের দিকে যানজট কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
যানজটে ভোগান্তির কথা জানান ঢাকার মিরপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী মালবাহী ট্রাকের চালক আবদুল করিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে মহাসড়কের নলকা সেতু পর্যন্ত এলাকায় সড়ক সংস্কারের কাজ চলছে। এতে সরু সড়কে ভোরের দিকে যানজট কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। তবে নলকা সেতু পার হওয়ার পর হাটিকুমরুল থেকে সড়কে যানচলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন দুপুরে প্রথম আলোকে বলেন, মহাসড়কের নলকা সেতুর পশ্চিম অংশে সংস্কারকাজ শুরু হওয়ায় একমুখী সড়কে যানচলাচল করছে। এতে সরু মহাসড়কে যানবাহনের ধীরগতির কারণে বিচ্ছিন্ন যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।