বঙ্গবন্ধু সেতুতে বাড়তি টোল আদায় শুরু, পরিবহনচালক ও নাগরিকদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতুতে চলছে যানবাহন
ফাইল ছবি

বঙ্গবন্ধু সেতু পারাপারে বাড়তি টোল আদায় শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর (১৯ নভেম্বর) থেকে বর্ধিত হারে টোল আদায় করছে সেতু কর্তৃপক্ষ। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরিবহনচালক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

পরিবহনশ্রমিকেরা বলছেন, মাত্র কদিন আগে ডিজেলের দাম বাড়ানো হলো। সেই রেশ কাটতে না কাটতেই আবার সেতুতে বাড়তি টোল দিতে হচ্ছে। সেবার মান তো বাড়েনি। তাহলে কেন এই টোল বাড়ানো হলো? নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই সেতু পারাপারে টোল বাড়ানোয় যাত্রী ও পণ্য পরিবহনে ব্যয় বাড়বে। এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে। নিত্যপণ্যের বাজারেও এর প্রভাব পড়বে।

সেতু কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন টোলের হার বাড়ানো হয়নি। কিন্তু সেতুর রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ায় বাড়ানো হয়েছে টোলের পরিমাণ।

সিরাজগঞ্জের পিকআপের চালক আবদুর রহিম বলেন, ‘করোনার কারণে এমনিতেই দীর্ঘদিন আমরা ঠিকমতো ভাড়া পাইনি। এখন তেলের দামের সঙ্গে আবার টোল ফি বাড়ানো হলে আমাদের ভাড়ার পরিমাণ বেড়ে যাবে। এতে আমরা চাহিদার তুলনায় ভাড়া পাব না।’

২ নভেম্বর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বাড়ানো নিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বর্ধিত টোল অনুযায়ী মোটরসাইকেল ৫০ টাকা, হালকা যানবাহনের মধ্যে কার বা জিপ ৫৫০ টাকা, মাইক্রোবাস ও পিকআপ ৬০০ টাকা, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা, ছোট ট্রাক (৫ টন) ১ হাজার টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১ হাজার ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪ হাজার টাকা এবং সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতি বছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে।

এর আগে ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বাড়ানো হয়েছিল। সেই থেকে মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১ হাজার ১০০ টাকা, বড় ট্রাক ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা করে আদায় করা হচ্ছিল।

সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির সদস্য নব কুমার কর্মকার বলেন, দীর্ঘ সময় ধরে সেতুতে টোল আদায়ের মাধ্যমে অনেক আগেই টাকা পরিশোধ হয়ে গেছে। এখন তো সরকারের টোলের হার কমানোর কথা। কিন্তু সরকার তেমনটি না করে দফায় দফায় সেতুর টোল বৃদ্ধি করছে। কদিন আগে ডিজেলের দাম বাড়ায় সব পণ্যের দাম বেড়েছে। এখন সেতুতে টোল বাড়ানো হলে নিত্যপণ্য পরিবহনের ব্যয় বাড়বে। যার প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। তাই সেতুর টোল বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়ার নয়।

আরও পড়ুন

বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে বঙ্গবন্ধু সেতুতে পারাপারের জন্য প্রতিটি পরিবহন থেকে সরকার ঘোষিত বাড়তি টোল আদায় শুরু করা হয়েছে। এর আগে গত সোমবার (১৫ নভেম্বর) রাত ১২টার পর থেকে টোল আদায় কার্যকর হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্দেশে ওই দিন থেকে বাড়তি টোল আদায় কার্যকর সম্ভব হয়নি।