বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনা, আগুনে মৃত্যু ২ জনের

বঙ্গবন্ধু সেতুর ১৮ নম্বর পিলারের কাছে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায়আরিফুল গণি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর ১৮ নম্বর পিলারের কাছে ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আগুন ধরে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সেতুর ১৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নীলফামারীর ডিমলা উপজেলার মজনু মিয়া (৩৩) ও একই উপজেলার রোমান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাক্টর সেতুর ১৮ নম্বর পিলারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি উল্টে যায়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাকবলিত গাড়িতে আগুন ধরে যায়। এ সময় আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়। আহত হন সাতজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। পরে পুলিশ সেখান থেকে দুজনের লাশ উদ্ধার করেন। সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

দুজনের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেন প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি রেকার দিয়ে অপসারণ করার পর গাড়ি চলাচল শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যায়।