বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকায় ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। ফলে ঢাকামুখী যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। আজ শনিবার দুপুর থেকে গোলচত্বর এলাকায় এমন পরিস্থিতি দেখা যায়। এ সময় ছোট যানবাহনের পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার বাসও চলছিল।
হাজারো মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে উঠছেন ট্রাকে। সকাল থেকেই উত্তরাঞ্চলের যাত্রীরা নানা উপায়ে ঢাকার পথে যাত্রা করেন। ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল, রিকশা ও ভ্যানে করে ঢাকা অভিমুখে ছুটতে দেখা যায় যাত্রীদের। তাঁদের বেশির ভাগই পোশাক কারখানার শ্রমিক।
আজ দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, অনেক মানুষ একসঙ্গে ঢাকামুখী হওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে সেতুর টোলপ্লাজা থেকেই মাঝেমধ্যে ধীরগতির সৃষ্টি হচ্ছে।