বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানজট
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে নলকা পর্যন্ত মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় সংস্কারকাজের কারণে সড়ক সংকুচিত হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। শবে বরাতসহ টানা তিন দিনের ছুটিতে উত্তরের পথে যানবাহন বেড়ে যাওয়ায় থেমে থেমে চলছে গাড়ি। সড়কের অল্প দূরত্ব পার হতে লাগছে ঘণ্টার পর ঘণ্টা। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পাইকোসা এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের দীর্ঘ এলাকাজুড়ে যানবাহন দাঁড়িয়ে আছে, থেমে থেমে কিছুক্ষণ পরপর এগোচ্ছে। সেখানে ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের যাত্রী আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘শবে বরাতের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। বেলা পৌনে ১টায় ঢাকার গাবতলী থেকে বাস ছেড়ে এলেও বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ধীরগতিতে চলছে গাড়ি। ধীরগতির কারণে সামনে দীর্ঘক্ষণ যানজটে পড়ে থাকতে হচ্ছে। সন্ধ্যা নাগাদ গন্তব্যে পৌঁছাতে পারব কি না, নিশ্চয়তা নেই।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে মহাসড়কের নলকা সেতু পর্যন্ত এলাকায় সড়কের সংস্কারকাজ চলছে। এতে সরু সড়কে ভোরের দিকে যানজট কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। আজ বিকেলে যানজট সবচেয়ে বেশি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, শবে বরাতের ছুটির কারণে যানবাহনের অতিরিক্ত চাপে আজ বিকেল থেকে হাটিকুরুল মহাসড়কেও যানজট তৈরি হয়েছে। মহাসড়কটিকে দ্রুত যানজটমুক্ত করতে তাঁরা কাজ করছেন বলে জানান তিনি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, মহাসড়কের নলকা সেতুর পশ্চিম অংশে সংস্কারকাজ শুরু হওয়ায় একমুখী সড়কে যান চলাচল করছে। এতে সরু মহাসড়কে যানবাহনের ধীরগতির কারণে বিচ্ছিন্ন যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করলেও পুরোপুরি যানজটমুক্ত হতে মহাসড়কের উন্নয়নকাজের সমাপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।