বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটারজুড়ে যানজট
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের নলকা সেতু এলাকায় এ যানজটের শুরু হয়, যা ধীরে ধীরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।
এ কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তরবঙ্গ ও ঢাকামুখী লেনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে হাজারো যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার বাসের যাত্রীরা।
সকাল ছয়টায় ঢাকার মিরপুর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী এসআই পরিবহনের চালক হাবিবুর রহমান বলেন, দীর্ঘ যানজটের কারণে সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সিরাজগঞ্জ শহরে ঢুকতে একটানা তিন ঘণ্টা বসে থাকতে হয়েছে।
ঢাকার চকবাজার থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের চালক হারুন অর রশিদ বলেন, ‘গভীর রাতে মাল বোঝাই করে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাব বলে এসেছি। যানজটের কারণে মহাসড়কের কড্ডার মোড় এলাকায় তিন ঘণ্টা হলো থেমে আছি। এখান থেকে একটুও নড়তে পারিনি।’
সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে সকাল আটটায় শ্যামলী পরিবহনে করে ঢাকার উদ্দেশে রওনা হন পোশাকশ্রমিক আবু হাসেম। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মহাসড়কে দীর্ঘ সময় যানজট লেগে থাকায় তিনিসহ হাজারো যাত্রী পড়েছেন চরম বিপাকে।
আবু হাসেম বলেন, ‘দুই দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলাম। ভেবেছিলাম সকালে ঢাকায় গিয়ে কাজে যোগ দেব। কিন্তু যানজটের কারণে সেটি আর হলো না। এই মহাসড়কে প্রায় সময়ই এমন যানজট থাকে। আমরা এ যানজট থেকে স্থায়ীভাবে পরিত্রাণ চাই।’
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত থেকে সকাল আটটা পর্যন্ত এ মহাসড়কের নলকা সেতুর ওপর একের পর এক তিনটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। সেখান থেকেই যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ১০টা নাগাদ বিকল ট্রাকগুলো একে একে অপসারণ করা হলে কমতে থাকে যানজট।
বেলা সোয়া দুইটার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুত্ফর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিকল ট্রাকগুলো অপসারণের পর ধীরে ধীরে নলকা সেতু এলাকার যানজট কমতে থাকে। এখন যানজট নেই বললেই চলে। তবে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এখনো কিছুটা যানজট রয়েছে। তবে ধীরে ধীরে যানজট নিরসন হবে।’