বঙ্গবন্ধুর গল্প শুনল শিক্ষার্থীরা
তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জের তরুণ টগবগে ছেলেটি ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী। একসময় গ্রামের সবার কাছে তিনি মুজিব ভাই নামে পরিচিত হন। এরপর ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন বঙ্গবন্ধু।
জাতীয় শোক দিবস উপলক্ষে নগরের বিভিন্ন বিদ্যালয়ে এভাবেই বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরেন মুক্তিযোদ্ধারা।
গত রোববার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরার এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাবউদ্দিন। কর্মসূচিতে আরও অংশ নেন আনোয়ারা বেগম বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জামশেদ আলম চৌধুরী ও ছাবের আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার কামাল, জিয়াউদ্দিন শাহীন ও শরফুদ্দিন চৌধুরী।
কর্মসূচির অংশ হিসেবে নগর এবং ১৪টি উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজে গিয়ে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী শোনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ওই দিন সকাল ১০টায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
১৬ আগস্ট সকালে শিশু একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে মুক্তিযোদ্ধা সংসদ। ওই দিন বিকেলে জাতীয় শোক দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।