বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিক কোরের সদস্যদের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন ঢাকার কূটনৈতিক কোরের সদস্যরা। আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিক কোরের সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন মরক্কোর মাজিদ হালিমের নেতৃত্বে ৪০টি দেশের রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান (এমপি) ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষ এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষ ডিপ্লোম্যাটিক জোনের ভারপ্রাপ্ত ডিন মরক্কোর মাজিদ হালিম পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করেন। পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা সই করেন।

এরপর রাষ্ট্রদূতেরা বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি ও গ্রন্থাগার পরিদর্শন করেন। এ ছাড়া অতিথিরা সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করেন। সেখানে বিদেশি অতিথিদের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তর) আলাউদ্দিন ভূঁইয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য তারিক সুজাত, পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপকমিটির সদস্য সাংসদ তানভীর শাকিল জয় প্রমুখ।