বঙ্গবন্ধুর সমাধিস্থলে আসতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনারদের শ্রদ্ধা। আজ রোববার দুপুরে
ছবি: প্রথম আলো

‘জাতির পিতা, তোমাকে জীবন্ত দেখেছি। চিরশায়িত অবস্থায় দেখলাম। তুমি আমাদের দেশ দিয়েছ। স্বাধীনতা দিয়েছ। মহান আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেবেন। তোমার জন্য আমাদের দোয়া নিরন্তর থাকবে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে এ মন্তব্য লিখেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা সড়কপথে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা ও টুঙ্গিপাড়ার মেয়র তোজাম্মেল হোসেনসহ রাজনৈতিক নেতারা তাঁদের স্বাগত জানান।

দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে ফাতিহাপাঠ, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।

এর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে সেখানে রাজনৈতিক ইস্যু নিয়ে তিনি কথা বলতে রাজি হননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আসলে রাজনৈতিক ইস্যুগুলোতে কোনো বক্তব্য দিতে চাচ্ছি না। আজ আমি ও আমার সহকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে আসতে পেরে নিজেদের পরম সৌভাগ্যবান মনে করছি। আমরা সবাই জানি, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে যে প্রতিষ্ঠা লাভ করেছে, তার পেছনে নেতৃত্ব দিয়েছিলেন এই মানুষটি।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘৭ মার্চের ভাষণ হয় তো আপনারা অনেকেই শোনেননি, কিন্তু আমরা শুনেছি। সেটি পুরো জাতিকে উদ্দীপ্ত করেছিল এবং তারই ধারাবাহিকতায় ২৬ মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। ১৬ ডিসেম্বর আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করি।’ কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সবকিছুর পেছনে এই মানুষটি, যিনি এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। এটি চিন্তা করলে সত্যি আমরা অশ্রুসিক্ত হয়ে পড়ি। কারণ, তাঁর যে মর্মান্তিক মৃত্যু; সেটি বিস্তারিত বলতে চাই না। আমরা শুধু তাঁর জন্য দোয়া করেছি অন্তরের অন্তস্তল থেকে।’

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, মো. আলমগীর, আনিছুর রহমান; জেলা প্রশাসক শাহিদা সুলতানা; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান; টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়ার মেয়র তোজাম্মেল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।