চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেলে উপজেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে স্থানীয় মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় মাঠে ওই খেলা হয়।
উপজেলা শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে তিনটায় প্রথম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার নাছিরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে ৫৩ নম্বর গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিকেল সাড়ে পাঁচটায় অপর ফাইনাল খেলায় স্থানীয় ৬১ নম্বর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেয়েদের দল ২-১ গোলে ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মেয়েদের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সূত্রটি আরও জানায়, খেলা শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ছেংগারচর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ। এতে আরও বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার।