বঙ্গোপসাগরে ডুবল ছয় নৌকা, খোঁজ নেই পাঁচ মাঝিমাল্লার
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া বাঁশখালী উপকূলের মাছ ধরার ছয়টি নৌকা ও পাঁচ মাঝিমাল্লার খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল আটটার দিকে বঙ্গোপসাগরের গ্যাসের ট্যাংকি এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় এসব নৌকা
নিখোঁজ পাঁচজন হলেন পশ্চিম চাম্বল এলাকার মৃত আহমদ উল্লাহর ছেলে আনিস মাঝি (৪৫), মৃত নুর মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৮), শীলকূপ এলাকার মৃত মফিজের ছেলে মো. মিয়া (৩২), আস্করিয়া পাড়ার আমির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (৩৮) ও কুতুবদিয়া উপজেলার ছৈয়দুল আলম (৪৫)।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোরে বাঁশখালীর চাম্বল এলাকার বাংলাবাজার ঘাট থেকে থেকে ৩০টির মতো নৌকা বঙ্গোপসাগর যায়। সকাল আটটার দিকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় হেফাজতুল ইসলামের এফবি মুশফিক, মোহাম্মদ ফারুকের এফবি ফারুক, কেফায়েত উল্লাহর এফবি কেফায়াতুল্লা, নন্না মিয়ার এফবি নন্না মিয়া, মৌলভী আবুল খায়ের ও আনিস মাঝির নৌকা।
চাম্বল বাংলাবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম বলেন, ‘এখনো পাঁচ মাঝিমাল্লা নিখোঁজ আছেন। আমরা নৌকা নিয়ে বিভিন্ন এলাকায় খোঁজ নিচ্ছি।’
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান বলেন, ‘পাঁচজন নিখোঁজ আছেন। আমরা ও নৌবাহিনী জাহাজ নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছি।’