বঙ্গোপসাগরে দুটি নৌযান ডুবি, দুই শ্রমিক নিখোঁজ
বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বালুবাহী দুটি নৌযান ডুবে গেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় কক্সবাজারের মহেশখালীর ধলঘাট ইউনিয়নের দক্ষিণে হাঁসের চরসংলগ্ন এলাকায় নৌযান দুটি ডুবে যায়। পরে নৌযানগুলোতে থাকা পাঁচ শ্রমিকের মধ্যে তিনজন সাঁতার কেটে টাগবোটে উঠলেও দুজন নিখোঁজ রয়েছেন। আজ বেলা সাড়ে তিনটা পর্যন্ত তাঁদের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শ্রমিকেরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হারেশা এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মো. রমজান আলী (৫৩) ও মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩)। তাঁরা দুজনই মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানির শ্রমিক।
মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো করপোরেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, তাপবিদ্যুৎ প্রকল্পে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব–ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানি বালু ভরাটের কাজ করে আসছে। গতকাল বিকেলে পাঁচজন শ্রমিক নিয়ে দুটি নৌযান প্রকল্পের পশ্চিম পাশের চ্যানেল হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কুহেলীয়া নদীতে যাচ্ছিলেন।সন্ধ্যা সাতটার দিকে হাঁসের চরসংলগ্ন এলাকায় পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌযান দুটি ডুবে যায়। এ সময় শ্রমিক সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিজান ও সেফায়েত উল্লাহ সাঁতার কেটে অপর একটি টাগবোটে উঠতে সক্ষম হন। তবে সাজ্জাদ হোসেন ও রমজান আলীর আর খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনার পর নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের জন্য প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ারসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা চেষ্টা চালান।
কোল পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা মো. আলফাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের জন্য আজ সকাল থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে তৎপরতা চালাচ্ছেন। তবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত দুই শ্রমিকের কোনো সন্ধান মেলেনি।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই বলেন, নিখোঁজ দুই শ্রমিকের উদ্ধার অভিযানে পুলিশ তদারক করছে। তবে এ ঘটনায় এখনো কোনো সাধারণ ডায়েরি করা হয়নি।