বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুই জেলে তিন দিন ধরে নিখোঁজ
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার দুই জেলে তিন দিন ধরে নিখোঁজ। গত মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরের তীরবর্তী কচিখালী এলাকায় নোঙর করা ট্রলারডুবির পর তাঁরা নিখোঁজ হন।
নিখোঁজ দুই জেলে হলেন উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে সেলিম মোল্লা (৫০) ও একই গ্রামের আবদুস সালাম হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (২৫)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তির মাছ ধরার ট্রলার নিয়ে ইন্দুরকানি উপজেলার ১১ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় নোঙর করা হয়। ওই দিন বিকেলে প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারটির পেছনের অংশ ভেঙে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা নয় জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও সেলিম মোল্লা ও মিরাজ হাওলাদার নিখোঁজ হন।
ট্রলারের মালিক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের চেষ্টা চালিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি।
ইন্দুরকানি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জামাল হোসেন বলেন, কালাইয়া গ্রামের দুই জেলে মাছ ধরতে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে পরিবারে শোকের মাতম চলছে।